Image description
একসময় বাংলা নাটকের পর্দায় যার অভিনয় মুগ্ধ করত দর্শকদের, সেই অভিনেতা রিফাত চৌধুরী এখন হাসপাতালের কেবিনে শয্যাশায়ী। গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর শুরুতে বেডও জোটেনি। দুই দিন ফ্লোরে কাটানোর পর অবশেষে মিলেছে কেবিন।
 
সোমবার বিষয়টি সামনে আসার পর শোবিজ অঙ্গনে রিফাত চৌধুরীর অসুস্থতা ও সংকট নিয়ে আলোচনা শুরু হয়। এরপরই সোমবার রাতে তাকে হাসপাতালের একটি কেবিনে স্থানান্তর করা হয়।
 
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করেন রিফাত চৌধুরী।তিনি জানান, গতকাল রাতে তাকে কেবিনে নেয়া হয়েছে। বর্তমানে তিনি বেড রেস্টে রয়েছেন। সব পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পর তার চিকিৎসার ফাইল দেখে মূল চিকিৎসা শুরু করা হবে।
 
তবে শারীরিক অসুস্থতার পাশাপাশি এখন অভিনেতার সামনে বড় হয়ে দাঁড়িয়েছে চিকিৎসার খরচ।
 
অভিনেতার পাশে শুরু থেকেই রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। তিনি জানান, রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য এখন আর্থিক সহযোগিতা প্রয়োজন। অভিনেতার নিজের কোনো ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট না থাকায় সহযোগিতা করতে আগ্রহীরা অমিতাভ অরণ্যের বিকাশ পারসোনাল অ্যাকাউন্টে অনুদান পাঠাতে পারবেন বলে তিনি জানিয়েছেন।
 
অমিতাভ অরণ্য আরও জানান, রিফাত চৌধুরী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এর দশম তলার ১০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন। বেশিরভাগ পরীক্ষা ইতোমধ্যে করা হয়েছে। বুধবার আরও দুটি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এরপর মূল চিকিৎসা শুরু হবে।
 
মূলত পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না তিনি। দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গেও তার যোগাযোগ বিচ্ছিন্ন। শোবিজের মানুষদের সঙ্গেও তেমন যোগাযোগ ছিল না। ফলে অনেকটা একাকী জীবন কাটাচ্ছিলেন এই অভিনেতা।
 
অসুস্থতার মধ্যেও শেষ পর্যন্ত একাই হাসপাতালে ছুটে যেতে হয়েছে তাকে। তবে এখন তার সংকটের খবর ছড়িয়ে পড়ায় পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেন অভিনয়শিল্পী সংঘসহ শোবিজের অনেকেই। চিকিৎসার এই কঠিন সময়ে সহযোগিতার হাত বাড়ানোর প্রত্যাশা তৈরি হয়েছে তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও।