তুরস্কের জনপ্রিয় রোমান্টিক ড্রামা সিরিজ ‘কারা সেভদা’ এবার বাংলায় আসছে ‘অনন্ত ভালোবাসা’ নামে। সিরিজটির বাংলা কণ্ঠাভিনয় নিয়ে এরই মধ্যে শেষ হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। এ উপলক্ষে ১৩ আগস্ট দীপ্ত টিভির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে সিরিজটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। ‘অনন্ত ভালোবাসা’ আগামীকাল (১৫ আগস্ট) থেকে প্রচার হবে। শনি থেকে বৃহস্পতি প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে শুধু দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজটি।
‘কারা সেভদা’ মূলত শ্রেণিগত বৈষম্যের মধ্যে গড়ে ওঠা এক গভীর ও করুণ প্রেমের গল্প। কাহিনির কেন্দ্রীয় চরিত্র কেমাল সৈদেরে ও নিহান সেজিন। মধ্যবিত্ত পরিবারের মেধাবী যুবক কেমালের সঙ্গে ধনী পরিবারের তরুণী নিহানের প্রেম গড়ে ওঠে। সামাজিক ও পারিবারিক অবস্থানে বিস্তর পার্থক্য থাকলেও তাদের সম্পর্ক গভীর হয়ে ওঠে।
তবে এই প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় পরিবার, সমাজ ও ক্ষমতার রাজনীতি। বিশেষ করে প্রভাবশালী ব্যবসায়ী এমির কোযওলুর একতরফা আসক্তি কেমাল-নিহানের সম্পর্কে তৈরি করে বড় সংকট। নানা ষড়যন্ত্র, পারিবারিক টানাপোড়েন এবং ভাইয়ের জীবন রক্ষার পরিস্থিতিতে নিহান শেষ পর্যন্ত এমিরকে বিয়ে করতে বাধ্য হয়।
অন্যদিকে হৃদয়ভাঙা কেমাল শহর ছেড়ে চলে যায়। কয়েক বছর পর সফল প্রকৌশলী হয়ে ফিরে এসে সে মুখোমুখি হয় পুরোনো সম্পর্ক, গোপন সত্য ও প্রতিশোধের জটিল সমীকরণের। এরপর কেমাল ও এমিরের দ্বন্দ্ব ক্রমেই তীব্র হয়ে ওঠে। তাদের সংঘাতের মাঝখানে পড়ে যায় নিহান। গল্প এগোনোর সঙ্গে সঙ্গে সামনে আসতে থাকে একের পর এক গোপন তথ্য ও চরিত্রগুলোর জটিল সম্পর্ক।
সিরিজটির বাংলা কণ্ঠ দিয়েছেন দেশের পরিচিত কণ্ঠাভিনয়শিল্পীরা। কেমাল সৈদেরের কণ্ঠে শফিকুল ইসলাম, নিহান সেজিনের কণ্ঠে রুবাইয়া মতিন গীতি এবং এমির কোযওলুর কণ্ঠে মোর্শেদ সিদ্দিকী মরু রয়েছেন।
এ ছাড়া যেইনেপ সৈদেরে চরিত্রে নাদিয়া ইশবাল, আসু আলাজাহান চরিত্রে জয়শ্রী মজুমদার লতা, ওযান সেযিন চরিত্রে খায়রুল আলম হিমু, লেইলা চরিত্রে মেরিনা আক্তার, তারিক সৈদেরে চরিত্রে শাহরিয়ার রানা জুয়েল, ফেহিমে চরিত্রে শারমিন মৃত্তিকা, হুসেইন সৈদেরে চরিত্রে অশোক বসাক, ভিলদান সেযিন চরিত্রে পর্ণা মিটিল্ডা কস্তা, ওনদার সেযিন চরিত্রে সজিব রায়, সালিহ চরিত্রে সাইফুল ইসলাম শিহাব, বানু চরিত্রে মেরিনা আফরোজ শিপু এবং তুফান চরিত্রে রফিকুল ইসলাম কণ্ঠ দিয়েছেন।
কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জয়শ্রী মজুমদার লতা। মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে সিরিজটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।
‘অনন্ত ভালোবাসা’র ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা আক্তার মিতু। সিরিজটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন মাসুদ মিয়া। নতুন এই তুর্কি সিরিজের মাধ্যমে দর্শকরা প্রেম, পারিবারিক দ্বন্দ্ব, ষড়যন্ত্র, প্রতিশোধ ও আত্মত্যাগের এক আবেগঘন গল্প দেখার সুযোগ পাবেন।