Image description

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে সংগঠনটির ‘সবচেয়ে নির্মল মানুষ’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সালাউদ্দিন আম্মার। শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

সালাউদ্দিন আম্মার লেখেন, ‘রাকিব ভাই সম্ভবত বিদায় নিচ্ছেন ছাত্রদল থেকে। অনেক সময় তার অনেক বক্তব্যের বিরোধিতা আমি করেছি, উনিও অনেক বিরোধিতা করেছেন; কিন্তু এই মানুষটা ছাত্রদলের সবচেয়ে নির্মল একটা মানুষ।’

বিজ্ঞাপন

 

তিনি আরও লেখেন, ‘পরবর্তী জীবনের জন্য শুভকামনা রাকিব ভাই। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু আপনি আমাদের জুলাইয়ের শক্তি। আল্লাহ আপনার আগামীর পথচলা আরো মসৃণ করুন।’

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাকিবুল ইসলাম ফেসবুকে দীর্ঘ এক পোস্টে ছাত্রদল থেকে বিদায়ের ইঙ্গিত দেন। সেখানে তিনি লেখেন, অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।

পোস্টের শুরুতে মহান রাব্বুল আলামিনের প্রতি লাখো-কোটি শুকরিয়া জানিয়ে রাকিবুল ইসলাম রাকিব দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টটি দেওয়ার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন রাকিবুল ইসলাম রাকিব।