ময়মনসিংহ নগরীতে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে সদরের রঘুরামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল খালেককে (২৬)।
আজ শুক্রবার সকালে র্যাব-১৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান সদর কোম্পানি কমান্ডার মো. শামসুজ্জামান। চাঁদাবাজি ও পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড- বললেন তিনি।
নিহত মো. রাব্বী (২৭) বেসরকারি পলিটেকনিক কলেজের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটার দোকানে বসেন তিনি।
র্যাবে দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বীকে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার আসামি। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যার কারণ হিসেবে র্যাব কমান্ডার বললেন, ‘রাব্বী ও গ্রেপ্তার আসামির পরিবারের মধ্যে জমির বিরোধ অনেকদিনের। আগেও তাদের মধ্যে ঝামেলা হয়েছিল বিভিন্ন সময়। এর জেরেই এই হামলা।’
নিহত মো. রাব্বী— সংগৃহীত
সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার সময় আসামি খালেককে আনা হয় সাংবাদিকদের সামনে। তাদের দেখে খালেক চিৎকার করে বলেন, ‘ওরা ১৫ জন মিল্লা আমার বাবারে কুপাইছিল। আমরা দুইভাই মিল্লা ওরে কুপাইছি... আমার বাড়িঘরে ওরা আগুন দিছে।’
গতকাল দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে ঘটে হামলার ওই ঘটনা। সদর থানা পুলিশ জানায়, রাব্বীর দোকানে এসে হঠাৎ হামলা করে কয়েক যুবক। তিনি ও তার ভাই রিয়াদ দৌড়ে আশ্রয় নেন পাশের একটি দোকানে। ভেতরে গিয়ে রাব্বীকে কুপিয়ে চলে যায় হামলাকারীরা।
তাকে বাঁচাতে গিয়ে আহত হন রিয়াদ। স্থানীয় লোকজন তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন।