Image description

সব প্রস্তুতি সম্পন্ন করার পরও শেষ মুহূর্তে এসে আবারও বাতিল করা হয়েছে কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকার কনসার্ট। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে অনুষ্ঠানটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান।

বুধবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে আয়োজকরা এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ আগস্ট ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি, প্রশাসনিক অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছিল।

তবে সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘অনিবার্য কারণ’ দেখিয়ে অনুষ্ঠানটি আয়োজন না করার সিদ্ধান্ত জানানো হয়। ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।

আয়োজকরা জানান, এ আকস্মিক সিদ্ধান্তে হাজারো সংগীতপ্রেমী, টিকিটধারী, শিল্পী, পৃষ্ঠপোষক (স্পন্সর), অংশীদার ও সংশ্লিষ্টদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তবুও রাষ্ট্রের সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে সর্বোচ্চ সম্মান জানিয়ে তারা তা মেনে নিচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কনসার্ট স্থগিত হওয়ায় আয়োজকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। তবে যেসব দর্শক টিকিট কিনেছেন, তাদের প্রত্যেককে অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে।

এর আগে, গত ২৫ জুনও রাজধানীতে অনুপম রায়ের কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছিল। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ২৬ জুন ‘ওয়ান ট্রু সাউন্ড’ শীর্ষক ওই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ অনুষ্ঠানটি স্থগিতের ঘোষণা দেয়। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ঢাকায় অনুপম রায়ের নির্ধারিত কনসার্ট বাতিল হলো।