Image description

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান আবারও আলোচনায়, তবে এবার কোনো সিনেমা বা কাজের কারণে নয়-ব্যক্তিগত শোকের কারণে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু সুশীল কুমারের মৃত্যুতে ভেঙে পড়েছেন এই অভিনেতা।

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা সালমান এক আবেগঘন পোস্টে জানিয়েছেন তার শোকের কথা। রক্তের সম্পর্ক না থাকলেও সুশীলের সঙ্গে ছিল ৪২ বছরের গভীর বন্ধুত্ব, যা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল।

বন্ধুকে স্মরণ করে সালমান লিখেছেন, জীবনে খুব কম মানুষই দেখেছেন যারা এতটা দয়ালু ও ইতিবাচক। কঠিন সময়েও যার মুখে হাসি লেগে থাকত- সেই মানুষটিকে হারানো তার জন্য এক অপূরণীয় ক্ষতি।

তিনি আরও উল্লেখ করেন, সুশীল সবসময় বিশ্বাস করতেন- জীবনে যত কষ্টই আসুক, একদিন সব ঠিক হয়ে যাবে। সেই বিশ্বাস নিয়েই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছেন তিনি।

 

 

বন্ধুর উদ্দেশে সালমান লিখেছেন, ‘তোমাকে কখনও মন থেকে বিদায় জানাতে পারব না।’ একই সঙ্গে জীবনের বাস্তবতা মেনে নিয়ে বলেন, সবাইকেই একদিন না একদিন চলে যেতে হয়।

আবেগ ও অভিমানের মিশেলে তিনি আরও বলেন, ভালো মানুষরাই দ্রুত সৃষ্টিকর্তার প্রিয় হয়ে ওঠেন। তাই বন্ধুর জন্য চোখের জল নয়, বরং স্মৃতিই বেঁচে থাকবে তার হৃদয়ে।

সবশেষে প্রিয় বন্ধুর শান্তি কামনা করে সালমান খান বলেন, ‘এই পৃথিবী ছেড়ে তুমি ভালো থাকো, তোমাকে ভীষণ মিস করব।’