হুলুস্থুল করে কনে দেখা পর্ব চলছে। জমা পড়েছে অনেক সুন্দরী মেয়ের সিভি। কিন্তু সৌন্দর্য্যই তো একমাত্র মাপকাঠি নয়, সঙ্গে লেখাপড়া, আচার-ব্যবহার এবং রান্নাবান্না জানে কিনা, এসবও বিচার্য। সেই বিচারে কে যোগ্য কনে হয়ে উঠবে?
বাফুফের ফুটবল কোচ নির্বাচনী প্রক্রিয়া যেন এমন এক কনে দেখা পর্ব। প্রায় তিনশ কোচের তালিকা থেকে সোমবার তালিকা ছোট করে এনেছে ১০ জনে। বাফুফে কর্তারা আদ্যোপান্ত বিবেচনা করবেন তাদের সিভি। কোথায় কাজ করেছেন, কী কী অভিজ্ঞতা, সাফল্যই-বা কী সবই দেখবেন তারা।
জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, ‘১০ জনকে সিলেক্ট করেছি। এই ১০ জনের থেকে আগামী তিন দিনের মধ্যে আমরা কাকে কোচ করব সেটা চূড়ান্ত করবো। আগামী পরশু প্রয়োজনে আমরা এই ১০ জনের সঙ্গে কথা বলব এবং একজনকে আমরা ফাইনাল করব। এটা হচ্ছে আমাদের আজকের মিটিং এর মূল সারাংশ।’
নতুন কোচ এলে তাকে নিয়ে শুরু হয় নতুন উন্মাদনা। তিনি যেন বাংলাদেশকে এশিয় মানে তুলে নিতে পারেন, সেরকম একটা আবহ তৈরি হয় চারদিকে। কনে সর্বাঙ্গীনভাবে যোগ্য ও সুন্দর কিন্তু তার তুলনায় বরের উপযুক্ততা কতটুকু, সেটা আর কেউ ভাবে না। বাংলাদেশ দলের সামগ্রিক সামর্থ্য কতটুকু, তা-ও তো বিবেচনায় রাখা প্রয়োজন। এই দলে হামজা-শমিত সোম-ফাহমিদুলরা যোগ হওয়ার পর এশিয়া কাপ বাছাইয়ের ফলাফলে খুব একটা প্রভাব পড়েনি, পূরণ হয়নি মূল পর্বের লক্ষ্য। বাংলাদেশ সাফের ফাইনাল খেলে না কতবছর !
আসলে যেটা হয়, বরপক্ষ যেমন সবসময় ওপরে থাকে তেমিন বাংলাদেশ দলের সামর্থ্য নিয়েও কখনো সন্দেহ থাকে না দেশের কর্মকর্তাদের। এই দল নিখুঁত, তাদের সামর্থ্য অনেক কিন্তু সবসময় ব্যর্থ হয় দুর্ভাগা কোচের জন্য। ওই যে, সব দোষ হয় ঘরের বউয়ের।
মিডিয়া কমিটির প্রধান আরও জানিয়েছেন, ‘আগামী জুন মাসে দুটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। মালদ্বীপে চার জাতির একটি টুর্নামেন্ট হবে, সেখানে মালদ্বীপ, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থাকবে। সেখানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলই যাবে। সান মারিনোতে আরেকটি ম্যাচ আছে, এই সময় জাতীয় ফুটবল দল দুইভাগে বিভক্ত হবে। আমাদের যে খেলোয়াড়রা রয়েছে তাদেরকে দিয়ে দুটি প্রায় সমশক্তির দল গড়বো।’
আগে মালদ্বীপে অলিম্পিক দল পাঠানোর কথা থাকলেও এই সভায় তা বদলে গেছে। ওখানে জাতীয় দল যাবে, একই সঙ্গে ফিফা ফ্রেন্ডলি খেলতে সান মারিনোতেও খেলবে আরেকটি শক্তিশালী দল যেখানে হামজা-শমিতরা থাকবেন।