Image description

রাজধানীর বাজারে বিক্রি হওয়া শাক-সবজিতে মিলেছে সহনীয় মাত্রার কয়েক গুণ বেশি সিসা ও ক্যাডমিয়াম। শুধু ভারী ধাতুই নয়, বিভিন্ন নমুনায় পাওয়া গেছে ই-কোলাই, সালমোনেলা ও ফিকাল কলিফর্মের মতো ক্ষতিকর জীবাণু। প্রতিদিনের খাবারের সঙ্গে এসব বিষাক্ত উপাদান শরীরে প্রবেশ করায় বাড়ছে কিডনি, লিভার, হৃদরোগ ও স্নায়ুতন্ত্রের জটিলতার ঝুঁকি। বিশেষ করে শিশুদের মস্তিষ্কের বিকাশে সিসার প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) ২০২৪-২৫ অর্থবছরের পরীক্ষায় উঠে এসেছে এমন উদ্বেগজনক চিত্র। ঢাকার বিভিন্ন বাজার ও এলাকা থেকে সংগ্রহ করা শাক-সবজির নমুনায় প্রতি মিলিয়নে ১ দশমিক ১৬ থেকে ২ দশমিক ৩৭ ভাগ (পিপিএম) পর্যন্ত সিসা পাওয়া গেছে। অথচ শাক-সবজিতে সিসার গ্রহণযোগ্য মাত্রা মাত্র ০.৩ পিপিএম। অর্থাৎ সর্বোচ্চ পাওয়া মাত্রাটি সহনীয় সীমার প্রায় আট গুণ। একই নমুনায় ক্যাডমিয়ামের উপস্থিতিও পাওয়া গেছে ০.৩৩ পিপিএম।

অনুসন্ধানে দেখা গেছে, রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকায় সবজি উৎপাদনে কৃষকদের একটি অংশ কীটনাশক ও বালাইনাশক ব্যবহারে নির্ধারিত নিয়ম মানছেন না। কোনো কোনো ক্ষেত্রে রাসায়নিক প্রয়োগের মাত্র এক দিন পরই ক্ষেত থেকে সবজি তুলে পাঠানো হচ্ছে ঢাকার বাজারে। ফলে উৎপাদন পর্যায়ে ব্যবহৃত রাসায়নিকের অবশিষ্টাংশ সরাসরি ভোক্তার খাবারে পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে।

গাজীপুরে চার দশক ধরে সবজি চাষ করছেন কৃষক শহীদ । সম্প্রতি প্রায় দুই বিঘা জমির চালকুমড়া ও শসার ক্ষেতে তাকে কীটনাশক ছিটাতে দেখা যায়। এ সময় তার শরীরে ছিল না কোনো সুরক্ষাসামগ্রী। পাশের জমিতে কাজ করা কৃষক জাহাঙ্গীর আলমের ক্ষেতেও বাতাসে ছড়িয়ে পড়ছিল রাসায়নিকের গন্ধ।

তিনি জানান, কীটনাশক ব্যবহারের পর অনেক সময় মাথাব্যথা হয়। তবে সাধারণত এক দিন পরই ক্ষেত থেকে সবজি তুলে বাজারে বিক্রি করেন তিনি। কখনো দাম ভালো থাকলে আরও আগেই ফসল সংগ্রহ করেন। পোকামাকড়ের আক্রমণ বেশি হলে সপ্তাহে দুইবারও রাসায়নিক প্রয়োগ করতে হয়। অথচ তার ব্যবহৃত প্রোক্লেম-০৫ এসজি কীটনাশকের মোড়কে শেষবার প্রয়োগের পর সাত থেকে ১৪ দিন পর্যন্ত ফসল সংগ্রহ না করার নির্দেশনা রয়েছে। কৃষকদের দাবি, এত দিন অপেক্ষা করলে উৎপাদন খরচ তোলা কঠিন হয়ে পড়ে। বাজারে তাজা সবজির চাহিদা এবং ভালো দাম পাওয়ার আশায় তারা দ্রুত ফসল বিক্রি করেন।

একই চিত্র সাভার উপজেলাতেও। সেখানে ফুলকপি, বেগুন, শালগম ও ঢেঁড়সসহ বিভিন্ন আগাম শীতকালীন সবজি উৎপাদন করছেন কৃষকরা। কৃষক আজাদ জানান, এসব ফসলে সপ্তাহে এক থেকে দুইবার কীটনাশক প্রয়োগ করতে হয়। রাসায়নিক ব্যবহারের দু-এক দিনের মধ্যেই সবজি বাজারে পাঠিয়ে দেওয়া হয়। কৃষকদের একটি অংশ সরাসরি ঢাকায় সবজি সরবরাহ করেন।

 

gg
ঢাকার সবজিতে সিসা দূষণ

 

উৎপাদন খরচ কমাতে অনেক কৃষক আবার কম দামের নিম্নমানের বালাইনাশক ব্যবহার করছেন। সাটুরিয়ার কৃষক হামিদুর রহমানের ভাষ্য, ভালো মানের পণ্যের তুলনায় কম দামের কিছু বালাইনাশক দ্রুত কাজ করে। এগুলো ক্ষতিকর বলে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জানার পরও আর্থিক সংকটের কারণে কখনো ব্যবহার করতে হয়।

 

স্থানীয় এক বালাইনাশক বিক্রেতার বক্তব্যেও উঠে এসেছে এই ব্যবসার অর্থনৈতিক বাস্তবতা। তিনি জানান, নামসর্বস্ব প্রতিষ্ঠানের কম দামের পণ্য বিক্রি করে লাভ বেশি হয়। ভালো ব্র্যান্ডের ২০০ টাকার প্যাকেটে যেখানে মুনাফা থাকে প্রায় ২০ টাকা, সেখানে ১০০ টাকার কম দামের পণ্যে লাভ হয় ৩০ থেকে ৪০ টাকা। কৃষকদের চাহিদা থাকায় এসব পণ্য বিক্রি বন্ধ করা যাচ্ছে না।



বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগারের তথ্য অনুযায়ী, বাজার থেকে সংগ্রহ করা সবজির নমুনার ৮ থেকে ১২ শতাংশে সর্বোচ্চ সহনীয় সীমা পর্যন্ত বালাইনাশকের অবশিষ্টাংশ পাওয়া গেছে।



প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, কয়েক দশক আগে উদ্ভাবিত বিষাক্ত বালাইনাশক তুলনামূলক সস্তা হওয়ায় কৃষকদের মধ্যে এগুলোর ব্যবহার বেশি। অন্যদিকে আধুনিক ও কম ক্ষতিকর বিকল্পের দাম বেশি হওয়ায় সেগুলো ব্যবহারে অনীহা রয়েছে। নিরাপদ বালাইনাশকের ওপর সরকারি ভর্তুকি দেওয়া গেলে কৃষকদের আগ্রহ বাড়বে।



বিএফএসএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকা ছাড়াও দেশের ১৯ জেলা থেকে সংগ্রহ করা শাক-সবজির নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ই-কোলাই, ফিকাল কলিফর্ম ও সালমোনেলার মতো ক্ষতিকর জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। এসব জীবাণু খাদ্যের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে বিভিন্ন সংক্রমণ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।



জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সিসা ও ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু দীর্ঘদিন ধরে শরীরে জমতে থাকলে কিডনি, যকৃৎ ও স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে। শিশুদের ক্ষেত্রে সিসার প্রভাব আরও ভয়াবহ। এটি মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ও স্নায়বিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।



নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা জানান, গ্রাম ও উপজেলা পর্যায়ে কৃষকদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের মতো পর্যাপ্ত জনবল তাদের নেই। এ দায়িত্ব মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। তবে মাঠপর্যায়ে তদারকির ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেছেন কৃষকদের একাংশ।



এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও পুষ্টিবিদ বিল্লাল হোসেন গণমাধ্যমকে বলেন, কীটনাশক ব্যবহারের পর ফসল সংগ্রহের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নির্দেশনা রয়েছে। কিন্তু অধিকাংশ কৃষক তা অনুসরণ করেন না। ফলে দূষিত খাদ্য গ্রহণের মাধ্যমে মানুষ বিভিন্ন জটিল রোগের ঝুঁকিতে পড়ছে।



এর আগেও বিভিন্ন গবেষণায় দেশের শাক-সবজিতে ভারী ধাতুর উপস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালে পরিচালিত এক গবেষণায় আলু, বেগুন, ঢেঁড়স, টমেটো, লালশাক, পটোল, বাঁধাকপি, শসা ও মটরশুঁটিতে সিসা, ক্রোমিয়াম ও ক্যাডমিয়ামের উপস্থিতি শনাক্ত হয়। এসব সবজির মধ্যে লালশাকে ধাতব দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি।



বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পৃথক এক গবেষণায় প্রতি কেজি লালশাকে ৭০৪ দশমিক ৩২ মাইক্রোগ্রাম ক্যাডমিয়াম পাওয়া গেছে। অথচ এর সর্বোচ্চ সহনীয় মাত্রা ১৯০ মাইক্রোগ্রাম। বেগুন, ঢেঁড়স ও টমেটোতেও নির্ধারিত সীমার বেশি ক্যাডমিয়াম শনাক্ত হয়েছে।



সাম্প্রতিক আরেক গবেষণায় জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার বেগুন এবং চাষের জমির মাটিতে সিসা, নিকেল ও ক্যাডমিয়ামের আধিক্য পাওয়া গেছে। গবেষকদের ধারণা, রাসায়নিক সার ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার মাটি থেকে এসব ক্ষতিকর উপাদান খাদ্যশস্যে প্রবেশের অন্যতম কারণ হতে পারে।



বিশেষজ্ঞদের মতে, এ পরিস্থিতি মোকাবিলায় কোনো নির্দিষ্ট সবজি খাওয়া বন্ধ করা সমাধান নয়। বরং কৃষিজমিতে রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণ, নিরাপদ বালাইনাশকের সহজলভ্যতা, ফসল সংগ্রহের আগে নির্ধারিত সময় মেনে চলা এবং উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। তা না হলে প্রতিদিনের খাবারই দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।