ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবরোধ করে ফের বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। শনিবার সকালে রাস্তা অবরোধের পর বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শত শত গাড়ি আটকে পড়ে হাজারো যাত্রী ভোগান্তির শিকার হচ্ছেন। শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওই এলাকার কয়েকটি শিল্পকারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে শ্রমিকরা পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ কারখানার সামনে জড়ো হতে শুরু করেন। পরে তারা বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসেন। তাদের মাসিক বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে তারা রাস্তা অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটে শত শত যানবাহনে হাজারো যাত্রী ভোগান্তির শিকার হন। শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্থানীয় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে। এর মধ্যে ইন্টারস্টফ, ইকোটেক্স, অ্যাপেক্স ফুটওয়্যার ও সদমাসহ বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মুর্শেদ জানান, শ্রমিকরা শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন, অন্যদিকে আমরাও চেষ্টা করছি রাস্তা অবরোধমুক্ত করতে।