Image description

চার নির্ভেজাল স্বৈরতন্ত্রে বর্তমান বিশ্ব টালমাটাল। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি। ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট, অর্থাৎ কংগ্রেসের যে মধ্যবর্তী নির্বাচন হলো, তাতে ট্রাম্পের রিপাবলিকান পার্টি লজ্জাজনকভাবে হেরেছে। ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ঐতিহাসিক জয়। এতে করে ট্রাম্পের রাষ্ট্রপতিত্বের অবসান হবে না। তবে আমেরিকায় পার্লামেন্টের দাঁতটা বড় ধারালো; সরকারকে যথেষ্ট কাটে। এতে করে একগুঁয়ে, সভ্যতার বেমানান চরিত্র ট্রাম্পের অন্যায্য শুল্কনীতি, অমানবিক অভিবাসন নীতি, গরিব মারা স্বাস্থ্য কার্যক্রম, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নিষ্ঠুর গণহত্যাকে সমর্থন, ইরানের ওপর অর্থনৈতিক যুদ্ধ ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তন এলেও আসতে পারে। ইরান যুক্তরাষ্ট্রের জন্য এমনই এক সংবেদনশীল দেশ, যার সঙ্গে লড়তে গিয়ে কার্টার হোয়াইট হাউস থেকে বিদায় নিয়েছিলেন আর ট্রাম্পকে পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিল থেকে প্রায় বহিষ্কার হতে হয়েছে। আবার এমনও হতে পারে, পাগলা ট্রাম্প রেগে-মেগে আরো তুঘলকি কারবারে মেতে উঠতে পারেন।

আমরা হয়তো দেখতে পারি জাতিসংঘ, ন্যাটো, আন্তর্জাতিক আদালত, ইউরোপ বা জি-২০-এর প্রতি ট্রাম্পের তুচ্ছতাচ্ছিল্য নীতির পরিবর্তন। কানাডার প্রতি শুল্কের ক্ষেত্রে অন্যায় আচরণের কারণে সীমান্তবর্তী মার্কিন কট্টর রক্ষণশীল রাজ্যগুলোতে রিপাবলিকানদের পরাজয় কিন্তু ঐতিহাসিক ঘটনা। গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে জেন-জিরা স্মরণীয় আন্দোলন করেছিল। অবশ্য আমাদের মতো মুসলিমপ্রধান দেশের বিশ্ববিদ্যালয়গুলো সে তুলনায় ভালোই নীরব ছিল। যাই হোক, তখন ট্রাম্প প্রশাসন পুলিশ দিয়ে, বিশ্ববিদ্যালয়গুলোর সরকারি বরাদ্দ কমিয়ে দিয়ে এবং ফিলিস্তিনি ছাত্রছাত্রীকে দেশ থেকে বহিষ্কার করে আন্দোলন দমাতে সক্ষম হয়। কিন্তু জেন-জি’রা ওই ঘটনা মনে রেখেছে এবং এবারের এই নির্বাচনে ট্রাম্পকে ডুবিয়ে দিয়েছে। মূলত ট্রাম্প, নেতানিয়াহু, মোদি প্রচণ্ড ইসলামবিদ্বেষী।

 

প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে যেমন সহায়তা কমিয়ে দিয়েছেন, তেমনি আগ্রাসী পুতিনকেও ‘বন্ধু’ বলে সমর্থন দিয়ে গেছেন। যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে রাশিয়া অধিকৃত এলাকা ছেড়ে দেওয়ার জন্য ট্রাম্প চাপ দিয়ে চলেছেন। পুতিনের রাজনৈতিক অবস্থা এমন যে, রাশিয়ায় কোনো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। পুতিনের বিরোধিতা কেউ করতে পারেন না। পুতিন রাশিয়াকে যুদ্ধের মাধ্যমে জিম্মি করে ফেলেছেন। তার অপসারণ আর নির্বাচনের মাধ্যমে সম্ভব নয়। ভারতের নরেন্দ্র মোদি এখন প্রকৃত গণবিক্ষোভের মুখে। তার মুসলিমবিদ্বেষনীতি, ভোটার তালিকা থেকে মুসলিমদের গণবহিষ্কার, দুর্নীতি ও ধনীদের প্রতি নজিরবিহীন পৃষ্ঠপোষকতা, সর্বোপরি তরুণদের দুঃসহ বেকারত্ব ‘তেলাপোকা’ আন্দোলনের জন্ম দিয়েছে। রাস্তায় নেমেছে কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল।

এই আন্দোলন মোদি সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছে। সরকারের বিশ্বাসযোগ্যতায় চিড় ধরেছে।

পার্লামেন্টে মিত্র দলের গাঁটবন্ধনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আছে বটে, কিন্তু রাজপথের অসন্তোষ সেই সংখ্যাগরিষ্ঠতাকে দুপয়সা দিয়েও পুছে না। ফ্যাসিস্ট শেখ হাসিনারও পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে কোথায় এসব উড়ে গেছে। বাংলাদেশে জেন-জিদের হাসিনা খেদাও আন্দোলনের জন্য লন্ডনের বিশ্বখ্যাত সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’ ২০২৪-এ বাংলাদেশকে ‘বিশ্বসেরা দেশ’ হিসেবে অভিধা দিয়েছিল। বাংলাদেশে রাজপথের রাজনীতিই যেন নিয়ামক। এটাই বারবার প্রমাণিত। যাই হোক, ভারত এখন বাংলাদেশের ব্যাপারে বিশেষভাবে মনোযোগী। তাদের আশ্রিত ‘হাসিনা’কে দুই রাষ্ট্রের সম্পর্কের নিয়ামক বানাতে চাইছে। শেখ হাসিনা নাকি ঘোষণা দিয়েছে, ডিসেম্বরে দেশে ফিরবে। বাংলাদেশ সরকার চাইছে বাংলাদেশ-ভারত বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত তাকে হস্তান্তর করুক। এর মধ্যে একটি ব্রিটিশ ল’ ফার্ম নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠিয়েছে শেখ হাসিনার জন্য পাসপোর্ট চেয়ে অথবা পাসপোর্ট পেতে কী করণীয়, তা জানতে।

শেখ হাসিনার পাসপোর্ট কোথায়, ২৪-এর ৫ আগস্ট তিনি ভারতীয় ইমিগ্রেশনের মাধ্যমে দিল্লিতে ঢুকেছেন কি না, সে তথ্য ভারত সরকারই দিতে পারবে। এখন শেখ হাসিনা যে বাংলাদেশের পাসপোর্ট চাইছে, তা কি বাংলাদেশে আসার জন্য, না অন্য কোনো দেশে যাওয়ার জন্য? অথবা ভারতীয় আদালতে এই বলতে যে, বাংলাদেশ সরকার তাকে দেশে যেতে দিচ্ছে না। শেখ হাসিনা দণ্ডিত অবস্থায় পাসপোর্ট পেলে দণ্ডপ্রাপ্ত ভারতে আশ্রিত অন্য আওয়ামী নেতারাও তো পাসপোর্ট চাইতে শুরু করবেন। বর্তমান বাংলাদেশে ককটেল ফাটানো ও আগুন-সন্ত্রাসের যে গুপ্ত রাজনীতি শুরু করেছে আওয়ামী লীগ, মনে হয় ‘ককটেল রানি’ হয়ে হাসিনা দেশে ফিরতে চায়। ভারত এই নাশকতা সমর্থন করছে এবং পার্বত্য চট্টগ্রামকেও অস্থির করে তুলছে বলে দেশপ্রেমিক মহলের অভিমত।

মূলত শেখ হাসিনার মতোই ট্রাম্প নির্বাচনের ফলে দুরভিসন্ধি ও জালিয়াতি দেখেন। নেতানিয়াহু ইসরাইলের নির্বাচনে আরব পার্টিগুলোর ঐতিহাসিক বিজয়কে ভোট চুরি হিসেবে দেখেন আর মোদির ভোট চুরি তো ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার রিপোর্ট ও তেলাপোকাদের আন্দোলনে প্রমাণিতই হয়ে গেছে। ট্রাম্প সমর্থিত খুনি নেতানিয়াহু সম্প্রতি নির্বাচনে সরকার গঠনের মতো গরিষ্ঠতা পাননি। ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী সম্ভবত নেতানিয়াহুর মতো গণহত্যা চালাবেন না, কিন্তু সাবেক সেনাপ্রধান হিসেবে আইজেনকোট কতখানি বদলাবেন, তা সময়ই বলে দেবে। মার্কিন ভোটারদের ক্রমবর্ধমান ইসরাইলবিরোধী মনোভাব আঁচ করে ভোটের দিনই ট্রাম্প ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এই বলে যে, ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ হয়ে যাবে।

ইউরোপসহ বিশ্বের অনেক দেশে জেন-জিরা এখন সরব। ফ্রান্স ও স্পেনে আন্দোলন তুঙ্গে। ইউরোপে অভিবাসনবিরোধীরা ভোটে জয়ী হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের অর্থনীতি নাকাল। কিন্তু রাজনৈতিক পীড়ন বা ফ্যাসিবাদ বর্তমানে দেশে নেই। তবে ছোটখাটো কিছু ঘটছে। খুনি শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কারণে আমাদের রাজনীতিতে ফ্যাসিবাদ এখন বহুল ব্যবহৃত শব্দ। রুশ বিপ্লবের পর বিভিন্ন দেশে যখন কমিউনিস্টরা ক্ষমতা নিচ্ছিল, তখন ইতালির ধনীদের আশঙ্কার মধ্যে বেনিতো মুসোলিনি নামে এক সমাজতন্ত্রী সাংবাদিক সহিংসতার মাধ্যমে ক্ষমতা নেওয়ার জন্য একটি ক্যাডার বাহিনী গঠন করেন, তার নাম Fascio di Combattimento অর্থাৎ সংগ্রামের জন্য সংহতি। প্রাচীনকালে রাজার সামনে একজন বাহক রাজদণ্ড নিয়ে যেতেন। প্রাচীন রোমে কনসালের সামনে একজন বাহকের হাতে থাকত এক বান্ডিল ডান্ডা ও একটি কুড়াল। তাকে বলা হতো Fasces। এ থেকেই উদ্ভব ফ্যাসিবাদ শব্দটি। ফ্যাসিবাদের মূলমন্ত্র হলো, হিংসার আশ্রয় নিয়ে ক্ষমতা দখল করা, শোষকদের কায়েমি স্বার্থ বজায় রেখে শোষিতকে ভাত-কাপড়ের স্বপ্ন দেখানো, এর রাজনৈতিক দিকটা হলো সংবিধান লঙ্ঘন, মানবাধিকার হরণ, ভোটাধিকার খেয়ে ফেলা, একদল ছাড়া সব দলকে অস্তিত্বহীন করা, বাক-ব্যক্তি-চিন্তা সমাবেশের স্বাধীনতা বিলোপ, গুম, বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি ইত্যাদি। বর্তমান সরকারের আমলে আমরা ওইসব দেখছি কি? ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনকে মাগুরার উপনির্বাচনের মতো দেখতে গিয়ে অনেকেই হতাশ হয়েছেন। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন অবশ্যই সরকারের জন্য অ্যাসিড টেস্ট। অভ্যন্তরীণ রাজনীতি এখনো রাজপথমুখী নয়। সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে সরকারি দল বা প্রধান বিরোধী দল আগ্রহী। তবে ১১-দলীয় ঐক্যের একটা ক্ষুদ্রাংশ আরেকটি গণঅভ্যুত্থান পরিস্থিতি সৃষ্টির স্বপ্ন দেখে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা আমাকে বলেছিলেন, এই তরুণরা আগামী নির্বাচনে সাফল্য না পেলে পরে দ্বিতীয় গণঅভ্যুত্থানও করতে পারেন। কিন্তু মানুষ আর অস্থিরতা চায় না, অশান্ত রাজপথ দেখতে চায় না। সুশাসন ও দুর্নীতিমুক্ত স্বচ্ছ সরকার তাদের প্রত্যাশা। সরকারের করণীয় অনেক।

লেখক: শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি

ইকোনমিক টাইমসের সম্পাদক