পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পরদিন তার দলের মহাসচিব আসাদ উমরও গ্রেফতার হয়েছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইমরানের আইনজীবী ফয়সাল ফরিদ চৌধুরী।
বুধবার (১০ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, পিটিআইর জ্যেষ্ঠ এই নেতাকে ইসলামাবাদ হাইকোর্টের প্রাঙ্গণ থেকে গ্রেফতার করে ইসলামাবাদ পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড।
জিও নিউজ বলছে, ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে সাক্ষাতের আবেদন দাখিলের প্রস্তুতি নেওয়ার সময় আসাদ উমরকে আইএইচসি বার অ্যাসোসিয়েশনের অফিসের বাইরে থেকে গ্রেফতার করা হয়। উমরকে গ্রেফতার করার সময় পিটিআই আইনজীবীরা পুলিশকে বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা।
এদিকে বুধবার পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতার বৈধ বলে ঘোষণা করেছেন ইসলামাবাদ হাইকোর্ট।
মঙ্গলবার (৯ মে) দুই মামলায় আগাম জামিন নিতে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হন ইমরান খান। এ সময় তাকে গ্রেফতার করে দেশটির রেঞ্জার্স বাহিনী। সাবেক প্রধানমন্ত্রীকে আদালত চত্বর থেকে গ্রেফতার করতে গেলে তার সমর্থন বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর সংঘর্ষ এড়াতে কর্তৃপক্ষ ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করে।
১৪৪ ধারা জারি হলেও কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারন্টে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। নেটব্লক প্রতিষ্ঠান জানিয়েছে, আল কাদির ট্রাস্ট মামলায় পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের পর টুইটার, ফেসবুক এবং ইউটিউব ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।