ইউনূস সরকারের নীতিগত সিদ্ধান্ত ছিলো যদি ফিলিস্তিন প্রতিদ্বন্দ্বিতায় সক্ষম হয়, তাহলে বাংলাদেশ সরে দাঁড়াবে! কিন্তু না, নাটকীয় মোড় নিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদের অত্যাসন্ন নির্বাচন। আচমকা নিজে থেকেই সরে দাঁড়িয়েছে ফিলিস্তিন। ফলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে লড়বে বাংলাদেশ। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রগুলোর মধ্য থেকে এবার প্রেসিডেন্ট হবেন। বৈশ্বিক কূটনীতিতে নিজের অবস্থান পোক্ত করার ওই সুযোগ কাজে লাগাতে আগে থেকেই মাঠে আছে সাইপ্রাস। ফিলিস্তানের প্রার্থিতা প্রত্যাহারের পর এবার মূলত লড়াই হবে বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে। কূটনৈতিক সূত্র মতে, নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে বাংলাদেশের প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছেন। নির্বাচনে জয় পেতে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন বলে জানিয়েছে সেগুনবাগিচা।
২০২৬–২৭ মেয়াদের জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন আগামী জুন মাসে নিউইয়র্কস্থ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ থেকে প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬–৮৭ মেয়াদে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করেন।