Image description

বিশ্বব্যাপী মাইক্রোসফটের সার্ভারে সমস্যার কারণে আউটলুক ইমেইল, টিমস মিটিং টুলসহ অন্যান্য সেবায় প্রবেশ করতে পারছেন না লাখো মানুষ। ১২ ঘণ্টার বেশি সময় ধরে এই সমস্যা চলছে। এর ফলে একাধিক দেশে ব্যাংক, সরকার এবং আদালতের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। মাইক্রোসফট জানায়, তারা সমস্যা সমাধানের ক্ষেত্রে ‘আংশিক সাফল্য’ পেয়েছে। তবে তারা নিশ্চিত করেছে, এটি কোনো সাইবার হামলার ঘটনা নয়। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন ও বিবিসি।

বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, বিভ্রাটের খবর প্রায় এক ঘণ্টার মধ্যে ৭৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আউটলুক নিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার অভিযোগ আসে, যা স্বাভাবিক সময়ের চেয়ে ২ হাজার গুণ বেশি। মাইক্রোসফটের ওয়েবসাইটে বলা হয়েছে, ৪৩ কোটির বেশি মানুষ মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ ব্যবহার করেন এবং ফরচুন ৫০০ কোম্পানিগুলোর ৯০ শতাংশেরও বেশি তাদের কোপাইলট এআই চ্যাটবট ব্যবহার করে।

এদিকে এই বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, হংকং, জাপান, ফিলিপাইন, ভারত, বাংলাদেশ ও বৃটেনসহ বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি সেবায় বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সরকার ইমেইল সেবায় বিঘ্ন ঘটার কথা জানিয়েছে এবং বাসিন্দাদের জরুরি দরকারে ফোন করার পরামর্শ দিয়েছে। হংকংয়ের অর্থায়ন কেন্দ্রগুলোতে মরগান স্ট্যানলি এবং গোল্ডম্যান স্যাকসের কর্মীরা জানান, তাদের কাজ ব্যাহত হয়েছে। কিছু এয়ারলাইন্স তাদের কার্যক্রমে বাঁধার সন্মুখীন হচ্ছে। এছাড়া ওপেনএআই এবং অ্যানথ্রপিকের মতো এআই পরিষেবাগুলোও সমস্যার সম্মুখীন হয়েছে।

মাইক্রোসফট শুক্রবার সকালে জানায়, তারা সমস্যাটি সমাধানে আংশিক সাফল্য পেয়েছে। সার্ভারের কর্মক্ষমতা পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় ধাপ কাজ করছে কিনা তা যাচাই করা হচ্ছে। ট্র্যাফিক অপটিমাইজেশনের পর সার্ভার স্থিতিশীলতা এবং সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক ফলাফল দেখা গেছে। মাইক্রোসফটের একজন নির্বাহী জানান, এই বিভ্রাট কোনো নিরাপত্তা ত্রুটির কারণে হয়নি। আগের একটি আপডেটে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, কিছু সার্ভার হঠাৎ কাজ না করায় বাকিগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়ে। এটিই এই সমস্যার মূল কারণ।
এই বিভ্রাট ইউরোপের দেশগুলোকে প্রযুক্তি খাতে নিজস্ব সক্ষমতা বাড়ানোর কথা ভাবাচ্ছে। ইউরোপ যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ক্যাপিটাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ নিল শিয়ারিং জানান, ইউরোপে ইন্টারনেটের পুরো ব্যবস্থা যুক্তরাষ্ট্রের তৈরি এবং এর কোনো বড় প্রতিযোগী নেই।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট-এর উপদেষ্টা জেক মুর বলেন, যখন কিছু সার্ভার কাজ করে না, তখন বাকি সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা পুরো ব্যবস্থাকে ধীর করে দেয়। প্রযুক্তি সাংবাদিক জ্যাকব ওয়ার্ড জানান, আমরা ক্লাউড সিস্টেমের ওপর কতটা নির্ভরশীল এবং কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি, এটি তার বড় প্রমাণ।