বাংলা সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ। ‘বিষাদ-সিন্ধু’, ‘জমিদার দর্পণ’ ও ‘উদাসীন পথিকের মনের কথা’র মতো কালজয়ী রচনার স্রষ্টার জন্মভিটা কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ায়। একসময় তার জন্ম ও মৃত্যুবার্ষিকী ঘিরে সাত দিনব্যাপী মেলা, সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় মুখর থাকত পুরো এলাকা। রাষ্ট্রীয় পর্যায়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও অংশ নিতেন এসব আয়োজনে। কিন্তু সময়ের সঙ্গে কমেছে আয়োজনের পরিসর।
এবার জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হলেও এখনো গড়ে ওঠেনি প্রত্যাশিত স্মৃতি কমপ্লেক্স, আধুনিক জাদুঘর কিংবা সমৃদ্ধ পাঠাগার। ফলে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই সাহিত্যিকের জন্মভিটা রয়ে গেছে অবহেলা আর অপূর্ণতার মধ্যে।
সাহিত্যকীর্তি বিস্তৃত, পরিচিতি সীমিত
১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। উনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই সাহিত্যিক উপন্যাস, নাটক, প্রবন্ধ, কবিতা ও সাংবাদিকতাসহ সাহিত্যের নানা শাখায় অবদান রেখেছেন। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘বিষাদ-সিন্ধু’, ‘জমিদার দর্পণ’, ‘উদাসীন পথিকের মনের কথা’, ‘গাজী মিয়ার বস্তানী’ ও ‘গো-জীবন’।
বিশিষ্ট লেখক ও গবেষক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরীর মতে, মীর মশাররফ হোসেনকে শুধু বাঙালি মুসলমানের সাহিত্যিক হিসেবে দেখার সুযোগ নেই। সমগ্র বাংলা সাহিত্যের প্রেক্ষাপটে তিনি অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যস্রষ্টা। বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর ও মাইকেল মধুসূদনের মতো সাহিত্যিকদের পাশাপাশি উনিশ শতকের বাংলা সাহিত্যে তারও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
অধ্যাপক আবুল আহসান চৌধুরী বলেন, মীর মশাররফ হোসেন ছিলেন সভ্যসাচী লেখক। উপন্যাস, উপাখ্যান, নাটক, প্রহসন, প্রবন্ধ, নিবন্ধ, কবিতা, গান এমনকি স্কুলপাঠ্য বইও লিখেছেন তিনি। সাহিত্যচর্চার পাশাপাশি সাংবাদিকতা ও সাময়িকপত্র সম্পাদনাতেও তার অবদান রয়েছে। ১৮৭০-এর দশকে ‘আজিজুন নেহার’ এবং ১৮৯০ সালে ‘হিতকরী’ পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন তিনি।
তার মতে, ‘বিষাদ-সিন্ধু’ বাংলা সাহিত্যের চিরায়ত গ্রন্থগুলোর একটি। বইটির ইংরেজি ও হিন্দি অনুবাদও প্রকাশিত হয়েছে। অথচ মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম সম্পর্কে মানুষের জানাশোনা ও চর্চা প্রত্যাশিত মাত্রায় নেই। তার রচনায় থাকা উদারতা, অসাম্প্রদায়িকতা, সমাজমনস্কতা ও মানবপ্রেম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।
সাত দিনের উৎসব থেকে তিন দিনের মেলা
একসময় মীর মশাররফ হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে লাহিনীপাড়ায় সাত দিনব্যাপী মীর উৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করা হতো। আলোচনা সভা, নাটক, লাঠিখেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণিকা প্রকাশে প্রাণবন্ত হয়ে উঠত পুরো এলাকা। তৎকালীন সরকারের সাতজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর উপস্থিতিও ছিল সেই উৎসবের অন্যতম আকর্ষণ।
কিন্তু সময়ের সঙ্গে সেই আয়োজনের জৌলুশ কমেছে। এখন জন্ম ও মৃত্যুবার্ষিকী সীমিত পরিসরে পালিত হয়। এবার জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। তবে দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী জন্মভিটাকে কেন্দ্র করে গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ স্মৃতি কমপ্লেক্স।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ বলেন, মীর মশাররফ হোসেন শুধু কুষ্টিয়ার সম্পদ নন, তিনি সমগ্র বাংলাদেশের সম্পদ। বাংলা ভাষাভাষী মানুষের কাছে তিনি কালজয়ী সাহিত্যিক। তার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগে লাহিনীপাড়ায় বেশ সাড়ম্বরে অনুষ্ঠান ও মেলার আয়োজন হতো। সেই ধারাবাহিকতায় জন্মভিটাকে কেন্দ্র করে একটি কমপ্লেক্স, সমৃদ্ধ পাঠাগার এবং উন্নত স্মরণিকা প্রকাশের প্রত্যাশা ছিল। কিন্তু এখন সে ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না।
জন্মভিটায় স্মৃতিচিহ্ন, নেই প্রত্যাশিত অবকাঠামো
মীর মশাররফ হোসেনের স্মৃতিবিজড়িত জন্মভিটায় সংরক্ষিত রয়েছে তার ছবি, ব্যবহৃত চেয়ারসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন। রয়েছে একটি পাঠাগারও। তবে এসব উদ্যোগকে আরও সমৃদ্ধ ও বিস্তৃত করার দাবি স্থানীয়দের।
মীর মশাররফ হোসেনের স্মৃতি সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ করছেন তার নামে প্রতিষ্ঠিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল। তিনি জানান, ১৯৮১ সাল থেকে এই সাহিত্যিককে নতুন করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। প্রথমদিকে মৃত্যুবার্ষিকীতে দোয়া এবং জন্মদিনে ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে উদ্যোগ শুরু হয়। পরে সাত দিনব্যাপী গ্রামীণ মেলা ও মীর উৎসবের আয়োজন করা হয়। কিন্তু এত বছরেও তার স্মৃতি সংরক্ষণের জন্য প্রত্যাশিত মানের একটি স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।
তার ভাষ্য, এলাকাবাসীর উদ্যোগে মীর মশাররফ হোসেনের নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। তবে তার স্মৃতি সংরক্ষণ ও সাহিত্যকর্ম ছড়িয়ে দিতে রাষ্ট্রীয় পর্যায়ে আরও বড় উদ্যোগ প্রয়োজন।
নতুন প্রজন্মের কাছে পৌঁছাক সাহিত্যকর্ম
জন্মভিটা দেখতে আসা দর্শনার্থীদেরও রয়েছে নানা আক্ষেপ। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কিংবা লালন সাঁইয়ের আখড়ায় নিয়মিত আয়োজন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখা যায়। কিন্তু মীর মশাররফ হোসেনের জন্মভিটায় তেমন আয়োজন চোখে পড়ে না। নতুন প্রজন্মের কাছে তার সাহিত্যকর্ম তুলে ধরতে নিয়মিত অনুষ্ঠান ও সাহিত্যচর্চার উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাঠ্যক্রমেও তার রচনাকে আরও গুরুত্ব দেওয়া উচিত।
স্থানীয় বাসিন্দা ওয়ালিদ হাসান আরিয়ান বলেন, প্রতি বছর জন্মদিনে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হলেও তা আরও বড় পরিসরে হওয়া দরকার। দেশ-বিদেশের মানুষের কাছে মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম পৌঁছে দিতে সরকারের বিশেষ নজর প্রয়োজন।
মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা খাতুন জানায়, তাদের এলাকায় এমন একজন বিখ্যাত সাহিত্যিকের জন্ম হওয়ায় তারা গর্বিত। জন্মবার্ষিকীর মেলার জন্য তারা অপেক্ষা করে থাকে। তবে আয়োজন আরও বেশি দিন ধরে চললে তাদের ভালো লাগবে।
একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাসিবুল হাসান মনে করে, তার স্মৃতি সংরক্ষণে আরও বড় পরিসরে জাদুঘর, বিদ্যালয় ও অনুষ্ঠানস্থল গড়ে তোলা প্রয়োজন।