টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ব্যাট হাতে ঝড় তুলেছে ভারত ক্রিকেট দল। ওপেনারদের বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তুলেছে স্বাগতিকরা, শিরোপা জিততে কিউইদের সামনে দাঁড় করিয়েছে বিশাল লক্ষ্য।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। কিন্তু শুরু থেকেই ভারতের ব্যাটাররা আক্রমণাত্মক খেলায় সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দেন।
ইনিংসের শুরুতেই ঝড় তোলেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। মাত্র ৭ ওভারে ৯৮ রানের জুটি গড়ে তোলেন তারা। অভিষেক ২১ বলে ৫২ রান করে আউট হন রাচিন রবীন্দ্রর বলে।
এরপর ক্রিজে এসে গতি ধরে রাখেন ইশান কিশান। স্যামসনের সঙ্গে দ্বিতীয় উইকেটে মাত্র ৪৭ বলে ১০৫ রানের জুটি গড়েন তিনি। কিশান ২৫ বলে ৫৪ রান করেন, যেখানে ছিল চারটি ছক্কা ও চারটি চার।
সবচেয়ে বড় ইনিংসটি খেলেন স্যামসন। ৪৬ বলে ৮৯ রান করেন তিনি, ইনিংসটি সাজান পাঁচটি চার ও আটটি ছক্কায়।
১৬তম ওভারে টানা তিন উইকেট নিয়ে কিছুটা চাপ তৈরি করেন জেমস নিশাম। সেই ওভারেই গোল্ডেন ডাক হন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের।
শেষ দিকে দ্রুত রান যোগ করেন শিবম দুবে। মাত্র ৮ বলে অপরাজিত ২৬ রান করেন তিনি, যেখানে ছিল দুটি ছক্কা ও তিনটি চার।
নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন নিশাম, ৪ ওভারে ৪৬ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া একটি করে উইকেট পান রাচিন রবীন্দ্র ও ম্যাট হেনরি।
ফলে শিরোপা জিততে নিউজিল্যান্ডকে করতে হবে ২৫৬ রান—টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে যা সবচেয়ে বড় রান তাড়া করার চ্যালেঞ্জগুলোর একটি।