Image description

এবারের ঈদে নতুন টাকার নোট বাজারে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের নতুন নোট দেওয়া হচ্ছে। সম্প্রতি নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের নতুন নোট দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক একটি অভ্যন্তরীণ আদেশ জারি করেছে। গতকাল রোববার থেকে কর্মকর্তা–কর্মচারীরা নতুন নোট পেতে শুরু করেছেন। এ নিয়ে নানা সমালোচনা সৃষ্টি হয়েছে।

প্রতিবছর ঈদের আগে কেন্দ্রীয় ব্যাংক ১৫-২০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ে। গত ঈদে মাত্র ৫০০ কোটি টাকা ছাড়া হয়। কিন্তু এবার কোনো টাকা ছাড়া হবে না বলে ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে ঈদে সাধারণ মানুষ নতুন নোট পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা কে কত টাকার নতুন নোট নিতে পারবেন, তা নিয়ে ৩ মার্চ অফিস আদেশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অফিস আদেশ অনুসারে, নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক ও যুগ্ম পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা প্রত্যেকে ১ লাখ ৮৩ হাজার টাকার সমপরিমাণ নতুন নোট নিতে পারবেন। পরিচ্ছন্নতাকর্মী ও কর্মচারীরা সর্বোচ্চ ৬৮ হাজার টাকার নতুন নোট নিতে পারবেন। ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত চাহিদা অনুসারে নতুন নোট নিতে পারবেন কর্মকর্তা–কর্মচারীরা।

অনেক কর্মকর্তা–কর্মচারী বেতন–ভাতার চেয়ে বেশি নতুন নোট নিতে পারবেন। অনেকে মনে করেন, এই নতুন নোট অবৈধ উপায়ে লেনদেনের মাধ্যমে ফুটপাতের নতুন নোট ও ছেঁড়া টাকার ব্যবসায়ীদের কাছে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংক ক্যাশলেস উদ্যোগ নিয়েছে কিন্তু নিজেদের কর্মকর্তাদের জন্য ঠিকই নতুন নোট দেওয়া হচ্ছে। এতে ক্যাশলেস নিয়ে প্রশ্ন থেকে যায়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানিয়েছেন, ঈদের আগে নতুন টাকার নোট বাজারে ছাড়া থেকে বাংলাদেশ ব্যাংক সরে এসেছে। তাই এবার ঈদের আগে নতুন টাকা ছাড়া হবে না।