গত মৌসুমে এমএলএস শিরোপা জেতে ইন্টার মায়ামি। সেই সাফল্যের স্বীকৃতিস্বরূপ ক্লাবটির প্রাণভ্রমরা লিওনেল মেসি ও পুরো দলকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমন্ত্রণ পেয়ে প্রথমবার হোয়াইট হাউজে পা রাখেন মেসি।
অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন ইন্টার মায়ামির অধিনায়ক মেসি। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বিশেষ এক উপহার নিয়ে হোয়াইট হাউজে এসেছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। তিনি নিজের স্বাক্ষর করা ইন্টার মায়ামির আইকনিক গোলাপি রঙের একটি ফুটবল প্রেসিডেন্টের হাতে তুলে দেন। এ ছাড়াও ক্লাবটির কোচ জাভিয়ার মাসচেরানো এবং জর্জে মাসের পক্ষ থেকে ট্রাম্পকে একটি স্মারক জার্সি ও ঘড়ি প্রদান করা হয়।
উপহার পেয়ে মেসি ও তার দল মায়ামির প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, “আমেরিকার ইতিহাসে আমিই প্রথম প্রেসিডেন্ট হিসেবে লিওনেল মেসিকে হোয়াইট হাউজে স্বাগত জানানোর সুযোগ পাচ্ছি। আমরা আজ প্রকৃত সেরাদের সম্মান দিচ্ছি।”
প্রেসিডেন্টের বক্তব্যে উঠে আসে তার ছেলের ফুটবলপ্রীতির কথা। ট্রাম্প রসিকতা করে বলেন, “আমার ছেলে আগেই জানত মেসি আজ এখানে আসছে। সে আপনার বিশাল ভক্ত এবং আপনাকে একজন অসাধারণ মানুষ হিসেবে শ্রদ্ধা করে। কিছুক্ষণ আগেই আপনাদের মধ্যে কথা হয়েছে বলে আমি জানি।”
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর এটাই হোয়াইট হাউজে মেসির প্রথম আনুষ্ঠানিক সফর। এর আগে গত নভেম্বরে আরেক কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো হোয়াইট হাউজে একটি বিশেষ নৈশভোজে অংশ নিয়েছিলেন।
শীর্ষনিউজ