Image description

নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স দেখালেও এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি লাল-সবুজের দল।

গ্রুপ ‘বি’এর এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বিশ্ব র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা উত্তর কোরিয়া। ১১২ নম্বরে থাকা বাংলাদেশের বিপক্ষে বল দখল, আক্রমণ ও সুযোগ সব ক্ষেত্রেই এগিয়ে ছিল কোরিয়ানরা।

প্রথমার্ধে দুটি গোল বাতিল হলেও যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিয়ং ইউ জং। এর এক মিনিটেরও কম সময় পর কিম কিয়ং ইয়ং গোল করলে বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দাঁড়ায় ২-০।

দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে কোরিয়া। ৬২ মিনিটে চে উন ইয়ং তৃতীয় গোল করেন। দুই মিনিট পর কিম কিয়ং ইয়ং নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ৪-০। ম্যাচের শেষ দিকে কিম হাই ইয়ংয়ের হেডে পঞ্চম গোল পায় কোরিয়া।

পুরো ম্যাচে ২৯টি শট নেয় উত্তর কোরিয়া, যার ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে বাংলাদেশ কোনো শটই নিতে পারেনি। একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে বড় ব্যবধানের হার থেকে দলকে কিছুটা রক্ষা করেন বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার।

ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘কোরিয়া খুব শক্তিশালী দল। আমাদের লক্ষ্য ছিল ভালো খেলা ও লড়াই করা, আমরা সেটাই করার চেষ্টা করেছি।’

এছাড়াও প্রথমার্ধের শেষদিকে দ্রুত দুটি গোল খাওয়াই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলেও স্বীকার করেন তিনি। সিডনির তীব্র গরমও খেলায় প্রভাব ফেলেছে বলে জানান বাংলাদেশ অধিনায়ক।