বিশ্বের কয়েকটি দেশ বর্তমানে যুদ্ধ পরিস্থিতির দিকে এগিয়ে যাওয়ায় বৈশ্বিকভাবে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়তে পারে দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে। এমন প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৪ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি অবগত করেন।
তিনি জানান, সীমান্ত এলাকায় জ্বালানি তেলের অবৈধ পাচার রোধে টহল জোরদার করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি।
এদিকে, জ্বালানি পাচার রোধ ও খোলা বাজারে ডিজেল-প্রেট্রোল বিক্রয় বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্টদের তৎপর হওয়ার জন্য নির্দেশ দিয়েছে সরকার। একইসঙ্গে বৈশ্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ারও আহ্বান জানানো হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে জরুরি এক পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।