চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে রীতিমত নাস্তানাবুদ হয়েছিল ভারত। তবে শেষ চারের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বমঞ্চে নিজেদের রেকর্ড ভাঙল ম্যান ইন ব্লুরা। অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৬ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন দুই ভারতীয় ওপেনার। তবে ১৫ বলে ২৪ রানে স্যাঞ্জু স্যামসন প্যাভিলিয়নে ফিরলেও পাওয়ার প্লেতে ৮০ রান তুলে নেয় স্বাগতিকরা।
এই ওপেনার ফিরলেও থামেনি ভারতীয় ব্যাটারদের ঝড়। ঝোড়ো ব্যাটিংয়ে ৯ দশমিক ১ ওভারেই দলীয় তিন অঙ্ক ছুঁয়ে ফেলে ম্যান ইন ব্লু'রা। তবে দলীয় ১২০ রানের মাথায় ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নের পথ ধরেন ইষাণ কিষাণ।
অন্যপ্রান্তে ২৬ বলে ফিফটি স্পর্শ করে ফেলেন অভিষেক শর্মা। অবশ্য হাফ-সেঞ্চুরি ছুঁয়ে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি এই ওপেনার। সাজঘরে ফেরার আগে সমান ৪টি করে চার-ছক্কায় ৩০ বলে ৫৫ রানের ইনিংস সাজান এই ব্যাটার। এরপর ১৩ বলে ৩৩ রানের মারকাটারি ইনিংস খেলে অধিনায়ক সূর্যকুমার যাদবও সাজঘরের পথ ধরেন।
পঞ্চম উইকেটে রোডেশিয়ান বোলারদের ওপর তাণ্ডব চালান হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। এই দুই ব্যাটার মিলে ৩১ বলে ৮৪ রানের জুটি গড়েন। ইনিংসের শেষ বলে ছক্কায় হাঁকিয়ে ২৩ বলে ফিফটি ছুঁয়ে নেন পান্ডিয়া। অন্যপ্রান্তে ৩ চার আর ৪ ছক্কায় ১৬ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন তিলক।
রোডেশিয়ানদের হয়ে ৪ জন বোলার একটি করে উইকেটের দেখা পেয়েছেন।