Image description

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বের ম্যাচে কিছুক্ষণ আগে মাঠে নেমেছে পাকিস্তান। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। 

কলম্বোয় বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় আজকের ম্যাচটি পাকিস্তানের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইংল্যান্ডের বিপক্ষে হারলেই সেমিফাইনালে ওঠার সমীকরণ জটিল হয়ে পড়বে সালমান আলী আগার দলের।

অন্যদিকে ইংল্যান্ড আজ মাঠে নেমেছে অনেকটা নির্ভার হয়ে। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ রানের জয়ে ২ পয়েন্টের পাশাপাশি নেট রান রেটেও এগিয়ে গেছে ইংলিশরা। বলা যায়, এই মুহূর্তে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে হ্যারি ব্রুকের দল।

দুই দল আগেই ঘোষণা দিয়েছে ম্যাচে কী হবে তাদের মূল অস্ত্র।

সেই ‘অস্ত্র’ আবার একই রকম। স্পিন!

 

পাকিস্তানের স্কোয়াডে স্পিনারদের আধিক্য বেশি। উইকেট শিকারেও এগিয়ে স্পিনাররা। গ্রুপ পর্বের চার ম্যাচে পাকিস্তানের বোলাররা যে ৩৫ উইকেট নিয়েছেন, তার ২৬টিই পাঁচ স্পিনার আবরার আহমেদ, শাদাব খান, সাইম আইয়ুব, উসমান তারিক ও মোহাম্মদ নেওয়াজের।

খণ্ডকালীন স্পিনার অধিনায়ক সালমান আলী আগাও নিয়েছেন ১টি উইকেট। 

 

আজ ইংল্যান্ডের বিপক্ষেও তাদের লেলিয়ে দেওয়ার কথা বলে ইংল্যান্ডকে সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। 
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান (২২০) করা ফারহান গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে আমরা দেখেছি যে বল গ্রিপ করেছে এবং ইংল্যান্ড স্পিনারদের সামলাতে গিয়ে বেশ ভুগেছে।’

এরপর ফারহান মনে করিয়ে দিয়েছেন, ‘শ্রীলঙ্কার এক বা দুজন স্পিনার আছে; কিন্তু আমাদের (স্বীকৃত) স্পিনার পাঁচজন। আমরা ইংল্যান্ডকে কঠিন সময় উপহার দেব।

 

পাকিস্তানি স্পিনাররা কঠিন সময় উপহার দিলে তা ইংল্যান্ডের ব্যাটারদেরই দেবেন। তা ইংল্যান্ডের স্পিনাররা বসে থাকবেন নাকি! 

আদিল রশিদ ও লিয়াম ডসনের মতো নিয়মিত স্পিনাররা তো আছেনই, শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ছাপিয়ে গেছেন স্পিন অলরাউন্ডার উইল জ্যাকস।
ফারহানের মতো ডসনও তাই প্রতিপক্ষকে হুমকি দিয়ে রেখেছেন, ‘আমাদের দলে বৈচিত্র্যময় স্পিনার আছে। জ্যাকস খুব ভালো ওভার-স্পিন করে, খুব ভালো বাউন্সও পায়। আর দিলির (আদিল রশিদ) তো অনেক বৈচিত্র্য।’

পাল্লেকেলেতে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের একাদশে এসেছে একটি পরিবর্তন। ফাহিম আশরাফের জায়গায় খেলছেন শাহিন আফ্রিদি। ইংল্যান্ড অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ২৩ রান। ৭ বলে ৭ রান করে জফরা আর্চারের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইম আইয়ুব।

পাকিস্তানের একাদশ : সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলী আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, শাহিন আফ্রিদি, সালমান মির্জা, উসমান তারিক।

ইংল্যান্ডের একাদশ : ফিল সল্ট, জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), উইল জ্যাকস, স্যাম কারান, লিয়াম ডসন, জেমি ওভারটন, জফরা আর্চার, আদিল রশিদ।