কুমিল্লা থেকে মিরসরাই ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) নুরুল আমিন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেবুয়ারি) বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত নুরুল আমিনকে উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম জানান, সকালে নুরুল আমিন কুমিল্লা গিয়েছিলেন। ফেরার পথে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা লাগে। এতে এমপি নুরুল আমিন আহত হন। তিনি শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পেয়েছেন। তবে আমাদের সঙ্গে কথা-বার্তা বলেছেন। আশঙ্কামুক্ত আছেন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হচ্ছে।