আগামী মাসের নিলামকে সামনে রেখে নতুন বিতর্কে জড়িয়েছে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড। আইপিএল-সংযুক্ত মালিকানার দলগুলো পাকিস্তানের ক্রিকেটারদের বিবেচনায় নিচ্ছে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইংলিশ সংবাদ মাধ্যম বিবিসি।
দ্য হান্ড্রেডের আটটি দলের মধ্যে ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেইভ এবং সানরাইজার্স লিডস আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস মালিকদের নিয়ন্ত্রণাধীন।
বিবিসি জানিয়েছে, ইসিবি’র (ইসিবি) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এজেন্টের কাছে ইঙ্গিত দিয়েছেন যে, আইপিএল-সংশ্লিষ্ট দলগুলো পাকিস্তানি খেলোয়াড়দের প্রতি আগ্রহী নয়। এটিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের একটি ‘অঘোষিত নিয়ম’ হিসেবে দেখা হচ্ছে, যার ফলে দক্ষিণ আফ্রিকার এসএস টি-২০ বা সংযুক্ত আরব আমিরাতের আইএলটি লিগেও (যেখানে ভারতীয় মালিকানা আছে) কোনো পাকিস্তানি ক্রিকেটার দেখা যায় না।
ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড আগে জানিয়েছিলেন যে, সব দেশ থেকে খেলোয়াড় নির্বাচন করা হবে এবং কোনো বৈষম্য করা হবে না। ইসিবি-র একজন মুখপাত্র বলেন, ‘‘দ্য হান্ড্রেড সব দেশের খেলোয়াড়দের স্বাগত জানায়। এবার প্রায় ১৮টি দেশ থেকে ১,০০০-এর বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন, যার মধ্যে ৫০ জনই পাকিস্তানের।’’
গত বছর ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির খেললেও এবার তাদের দল পাওয়া নিয়ে সংশয় রয়েছে। অতীতে শাহিন আফ্রিদি ও হারিস রউফের মতো তারকারাও এই টুর্নামেন্টে খেলেছেন।