এবারের চ্যাম্পিয়নস লিগে যেন রূপকথার গল্প লিখেই চলছে বোদো/গ্লিমট। ম্যান সিটি ও আতলেতিকো মাদ্রিদের পর এবার নরওয়েজিয়ান ক্লাবটির শিকার হয়েছে ইতালিয়ান জায়ান্ট ইন্তের মিলানো। ঘরের মাঠ আসপমাইরা স্টেডিয়ামে গতকাল বুধবার রাতে টুর্নামেন্টের শেষষোলোতে ওঠার প্লে-অফের প্রথম লেগে ইন্তেরকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বোদো/গ্লিমট।
প্লে-অফ নিশ্চিত করার আগে লিগ পর্বের সর্বশেষ দুই ম্যাচে বোদো/গ্লিমটের শিকার হয়েছে ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদ। গতকাল ইন্তেরকে হারানোর পর বোদোর নাম ইতিহাসের পাতাতেই উঠে গেছে।
ক্রীড়াঙ্গনে পরিসংখ্যান বিষয়ক বিশ্বস্ত মাধ্যম অপ্টা জানাচ্ছে, শীর্ষ ৫ লিগের বাইরে থেকে গিয়ে ইতিহাসের মাত্র চতুর্থ দল হিসেবে চ্যাম্পিয়নস লিগে শীর্ষ পাঁচ লিগের দলের বিপক্ষে টানা তিন ম্যাচ জেতার কীর্তি গড়ল গ্লিমট। এর আগে এমন কীর্তি গড়তে পেরেছে পানাথিনাইকোস (২০০১–০২), বেনফিকা (২০০৫–০৬) ও জেনিত সেন্ট পিটার্সবার্গ (২০১৫–১৬)।
অনন্য এই কীর্তি গড়ার সঙ্গে শেষ ষোলোতেও এক পা দিয়ে রাখল নরওয়েজিয়ান ক্লাবটি। অথচ চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ তিন মৌসুমের দুবার ফাইনাল খেলা ইন্তের এবারও সেরি আ-তে দুর্দান্ত ছন্দে আছে। দুইয়ে থাকা এসি মিলানের চেয়ে ৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ইন্তের। সেই ইন্তেরকেই কিনা উড়িয়ে দিল গ্লিমট।
আগামী মঙ্গলবার রাতে মিলানের সানসিরোতে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে দুদল। ওই ম্যাচে ইন্তের অবিশ্বাস্য কিছু না করে বসলে, নক আউট অনেকটাই নিশ্চিত গ্লিমটের।
চ্যাম্পিয়নস লিগের প্লে অফের প্রথম লেগের ফল:
কারাবাগ ১-৬ নিউক্যাসল
বোদো/গ্লিমট ৩-১ ইন্তের মিলানো
ক্লাব ব্রুগা ৩-৩ আতলেতিকো মাদ্রিদ
অলিম্পিয়াকোস ০-২ লেভারকুসেন