Image description

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় অঘটন। কলোম্বোয় দুর্দান্ত এক পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে আগে ব্যাট করে ১৬৯ রান তোলে জিম্বাবুয়ে, জবাবে অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ১৪৬ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের এটি টানা দ্বিতীয় জয়।

 

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ওপেনার জশ ইংলিস মাত্র ৮ রান করে আউট হন ব্লেসিং মুজারাবানির বলে। পরের ওভারেই ব্র্যাড ইভান্স ক্যামেরন গ্রিনকে শূন্য রানে ফেরালে ৩ ওভারের আগেই ২৪ রানে দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর টিম ডেভিডও ডাক মারেন, ফলে স্কোরবোর্ডে চাপে পড়ে ক্যাঙ্গারুরা।

 

অধিনায়ক ট্রাভিস হেড ১৫ বলে ১৭ রান করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ৪.৩ ওভারে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে অস্ট্রেলিয়া।

 

গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশ এক পর্যায়ে ৭৭ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার আশা জাগান। তবে রায়ান বার্ল নিজের প্রথম ওভারেই ম্যাক্সওয়েলকে ৩১ রানে ফিরিয়ে দেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।

স্টয়নিস ৬ রান করে আউট হলে সমীকরণ কঠিন হয়ে যায়। রেনশ এক প্রান্ত আগলে ৬৫ রানের লড়াকু ইনিংস খেললেও শেষদিকে মুজারাবানির শিকার হন। শেষ ব্যাটার ম্যাথিউ কুনেম্যান রানআউট হলে ২৩ রান দূরে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

 

টস জিতে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে দারুণ সূচনা পায় ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানির ব্যাটে। দুজন মিলে ৬১ রানের উদ্বোধনী জুটি গড়েন। মারুমানি ২১ বলে ৩৫ রান করে আউট হলেও বেনেট ধরে রাখেন ইনিংসের হাল।

 

এরপর রায়ান বার্লকে সঙ্গে নিয়ে আরও ৭০ রান যোগ করেন বেনেট। বার্ল ৩৫ রান করে রানআউট হন। শেষদিকে অধিনায়ক সিকান্দার রাজা দ্রুত ২৫ রান যোগ করলে ২০ ওভারে ২ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। বেনেট অপরাজিত থাকেন ৬৪ রানে।

 

অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসের পেছনে বড় ভূমিকা রাখেন ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন তারা। অস্ট্রেলিয়ার হয়ে মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন একটি করে উইকেট পেলেও বাকি বোলাররা তেমন প্রভাব ফেলতে পারেননি।