Image description

আফ্রিকান ফুটবলের ইতিহাসের অন্যতম বিতর্কিত এক বিরোধের নাটকীয় পরিসমাপ্তি ঘটল। ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনাল নিয়ে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে ক্রীড়া সালিস আদালত (সিএএস)। এই রায়ের ফলে অতিরিক্ত সময়ে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে মাঠে জেতা শিরোপাটি আবার ফিরে পেল সেনেগাল। এর মধ্য দিয়ে প্রায় ১০ মাস ধরে চলা আইনি লড়াইয়ের অবসান হলো।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সিএএস সিএএফের আপিল বোর্ডের সিদ্ধান্ত উল্টে দেয়। গত ১৭ মার্চ ওই আপিল বোর্ড রায় দিয়েছিল যে ফাইনাল থেকে সেনেগাল সরে দাঁড়িয়েছে। মরক্কোকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করেছিল।

শিরোপাটি এখন আবার সেনেগালের হাতে। রাবাতের প্রিন্স মৌলে আবদেল্লা স্টেডিয়ামে তারা এই শিরোপা জিতেছিলেন মাঠেই। নির্ধারিত সময়ের শেষ দিকে গোলযোগের শুরু। গোলশূন্য অবস্থায় মরক্কোকে পেনাল্টি দেন রেফারি, যা সেনেগালের খেলোয়াড় ও কোচ পাপ থিয়াওকে ক্ষুব্ধ করে তোলে।

 
 

প্রতিবাদ জানিয়ে সেনেগালের কয়েকজন খেলোয়াড় মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান। প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে, শেষ পর্যন্ত সাদিও মানে তার সতীর্থ ও কোচকে বুঝিয়ে মাঠে ফিরিয়ে আনেন এবং খেলা শেষ করেন।

 
 

খেলা পুনরায় শুরু হলে শিরোপা নিশ্চিত করার দারুণ এক সুযোগ পায় মরক্কো। কিন্তু তা হাতছাড়া করেন ব্রাহিম দিয়াজ। ‘পানেনকা’ শট নিতে গিয়ে তিনি বল তুলে দেন গোলকিপার এদুয়ার্দ মেন্দির সহজ তালুবের হাতে।

 

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে পাপ গেয়ের জয়সূচক গোলে নিজেদের ইতিহাসে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে সেনেগাল। ঘরের মাঠে নিজেদের দলকে চ্যাম্পিয়ন হতে দেখার আশায় বুক বেঁধে থাকা মরক্কোর সমর্থকেরা এতে স্তব্ধ হয়ে যান।

শেষ বাঁশির পরও নাটক থামেনি। খেলোয়াড়দের ড্রেসিংরুমে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের জেরে তোপের মুখে পড়া সেনেগাল কোচ পাপ থিয়াওয়ের সঙ্গে মরক্কোর কয়েকজন সাংবাদিকের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলন বাতিল করা হয় এবং পরদিন তিনি ক্ষমা চান। এরপর ফাইনালের ঘটনায় তাঁকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দেয় সিএএফ।

ম্যাচের দুই মাস পর টুর্নামেন্টের ৮৪ নম্বর ধারা উল্লেখ করে সিএএফের আপিল বোর্ড রায় দেয় যে সেনেগাল ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছে এবং নিয়ম অনুযায়ী মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়।

সেনেগাল ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্ত মানতে রাজি হয়নি। নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানাতে এবং খেলোয়াড়দের মাঠে অর্জিত শিরোপা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইনজীবীদের একটি দল গঠন করে তারা মামলা নিয়ে যায় ক্রীড়া সালিস আদালতে।

গত ৮ অক্টোবর সুইজারল্যান্ডের লুজান শহরে রুদ্ধদ্বার শুনানিতে সেনেগাল, মরক্কো ও আফ্রিকান ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদের বক্তব্য পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে শোনেন আদালতের বিচারকেরা। মঙ্গলবার সেনেগালের পক্ষে রায় দেন তারা।

এর মধ্য দিয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন কারা, তা নিয়ে চলা আইনি লড়াইয়ের নিষ্পত্তি হলো। এই রায়ে প্রশাসনিক সিদ্ধান্তে মরক্কোর চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি বাতিল হয়ে গেল এবং অতিরিক্ত সময়ে ১-০ গোলে ফাইনাল জেতা দলটির কাছেই ফিরে গেল শিরোপা।