Image description

লক্ষ্যটা খুব কম ছিল না। তবে দুই ইংলিশ ওপেনার সল্ট ও ডোনাল্ড সেটাকে বানিয়ে দিলেন মামুলি। ওভালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা ফেরাল ইংল্যান্ড।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। দলীয় ১৭ রানেই তিনি আউট হয়ে যান। এরপর বেশিদূর এগোতে পারেননি স্যাম হার্পার, টিম ডেভিডরাও। জ্যাক ফ্রেজার ২৭ রানের ক্যামিও খেলেছেন।

এরপর মিডল অর্ডারে দলের হাল ধরেন আগের ম্যাচের সেরা খেলোয়াড় নিখিল চৌধুরী। ৩৫ বলে ৪৫ রান করে তিনি অজিদের ম্যাচে ফেরান। এরপর আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষ পর্যন্ত জোয়েল ডেভিসের ৩৯ এবং বেনের অপরাজিত ১৮ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৪ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।

জবাবে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তান্ডব চালায় দুই ওপেনার সল্ট এবং ডোনাল্ড। ৫ ওভারের ভেতরেই স্কোরবোর্ডে ৫০ রান তুলে ফেলা ইংলিশরা অস্টম ওভারেই পেয়ে যায় দলীয় সেঞ্চুরির দেখা। দুই ওপেনারই ফিফটি তুলে নেন। ডেভিসের এক ওভার থেকেই ইংলিশরা নেন ৩১ রান। নিখিলও মাত্র ১ ওভারেই ২৬ রান খরচ করেন।

শেষ পর্যন্ত ইংল্যান্ডের ১৫১ রানে প্রথম সাফল্য পায় অজিরা। ৮৫ রানে আউট হন ডোনাল্ড। মাত্র ৩২ বলে ৯টি ছক্কা এবং ৪টি চারে এই ঝড়ো ইনিংস খেলে ততক্ষণে তিনি অজিদের ম্যাচ থেকেই ছিটকে ফেলে দিয়েছিলেন।

শেষ দিকে ৫টি চার এবং ৪টি ছক্কায় ৩০ বলে ৫৮ রান করে ফিল সল্ট আউট হয়ে গেলেও তাতে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি ইংলিশদের। ৪১ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে হ্যারি ব্রুকের ইংল্যান্ড।