Image description
 
 

এক ইনিংসে ডাবল সেঞ্চুরি; পরের ইনিংসে ফিফটি। তাতেই সিলেট টেস্টে ইতিহাসের অংশ হয়ে গেলেন তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ২৪২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি (৮২) করেছেন তিনি। তাতেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক টেস্টে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন হৃদয়।

প্রথম ইনিংসের ২৪২ রানের সঙ্গে দ্বিতীয় ইনিংসের ৮২ যোগ করে তার মোট রান ৩২৪। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৩০০ বা তার বেশি রান করার কীর্তি আর কারো নেই। এর আগে এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মুমিনুল হকের। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে ১৭৬ ও ১০৫ রান করে মোট ২৮১ রান করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

এ তালিকায় এরপর আছেন বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ২৭৩ এবং ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে ২৭০ রান করেছিলেন তিনি।

সিলেট টেস্টের শেষ ইনিংসে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক রহিমের সঙ্গে লম্বা সময় ব্যাটিং করার অভিজ্ঞতাও হলো তাওহিদ হৃদয়ের। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে এ প্রসঙ্গে হৃদয় বলছিলেন, ‘আমি ভুল থেকে শিখি। সত্যি বলতে ছোটবেলা থেকেই মুশি ভাইকে অনুসরণ করি। তিনিই আমার আদর্শ। তার সঙ্গে কথা বলি। তাকে বলি, কোনো ভুল চোখে পড়লে যেন আমাকে জানান। আমি শুধু বলের দিকে মনোযোগ দিই। বল দেখে পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন এক মাইলফলক গড়েছেন হৃদয়। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি তার এই ইনিংস হয়ে থাকবে দেশের ক্রিকেটের স্মরণীয় এক অধ্যায়।

 

এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান

১। তাওহিদ হৃদয় ৩২৪ বনাম উইন্ডিজ

২। মুমিনুল হক ২৮১ বনাম শ্রীলঙ্কা

৩। নাজমুল হোসেন শান্ত ২৭৩ বনাম শ্রীলঙ্কা