Image description

পশ্চিমা নারীবাদের ধারণা তরুণ প্রজন্ম ও সমাজকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে তা থেকে রক্ষায় নারীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।

সোমবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্রী ও মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত ‘জেলা-মহানগর ছাত্রী ও মহিলা বিষয়ক দায়িত্বশীল কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ছাত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক শেখ মু. আবু তাহেরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও শাহ ইফতেখার তারিক।

 

অনুষ্ঠানে পশ্চিমা নারীবাদ নিয়ে মন্তব্য করে চরমোনাই পীর বলেন, প্রাচ্যের সমাজব্যবস্থা ও পারিবারিক কাঠামো পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ এবং সহমর্মিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইসলাম নারী ও পুরুষকে একে অপরের পরিপূরক হিসেবে নির্দেশ করেছে। অথচ পশ্চিমা নারীবাদ নারী ও পুরুষকে আলাদা শ্রেণিতে বিভক্ত করে তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এবং সৌহার্দ্যের সম্পর্ককে বিরোধপূর্ণ করে তুলেছে। এই সংস্কৃতি থেকে প্রজন্মকে রক্ষা করতে সচেতনতা জরুরি।

কর্মশালায় বর্তমান জাতীয় প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার মতো নাশকতা রোধে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটাতে হবে। পাশাপাশি দীর্ঘদিনের লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং শ্রমিকদের জন্য ন্যায্য ও ইনসাফপূর্ণ নিম্নতম মজুরি নির্ধারণের দাবি জানান তিনি।