Image description

সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ভারতের কাছে প্রথম ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। শেষ চারে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকেও পাচ্ছেন পাকিস্তানের কোচ নোলবের্তো আলবিনো সোলানো তোদকো। তবে সেমিফাইনালে কাদের মুখোমুখি হতে চান, সেই প্রশ্নে সরাসরি কিছু বলেননি তিনি। বরং প্রশংসা করেছেন বাংলাদেশের ফুটবলের উন্নতির।

রবিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে হারিয়ে ২০১৮ সালের পর প্রথমবারের মতো সাফের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হেরেছিল তারা। সেই ধাক্কা সামলে মালদ্বীপের বিপক্ষে বড় জয় পেয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা।

সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে যেকোনও দলকেই মোকাবিলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের পেরুভিয়ান কোচ সোলানো। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফুটবলে যেকোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হয়। কোনও প্রতিপক্ষকেই সহজভাবে নেওয়ার সুযোগ নেই। সব জাতীয় দলের প্রতি আমাদের সম্মান আছে। আমরাও একটি শক্তিশালী জাতীয় দল গড়ে তুলছি। তাই সামনে যে চ্যালেঞ্জই আসুক, তার জন্য প্রস্তুত থাকতে হবে।’

টুর্নামেন্ট জিততে হলে শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার মানসিকতা থাকতে হবে বলেও মনে করেন তিনি।

এদিকে, বাংলাদেশের ফুটবলের উন্নতি নজর কেড়েছে পাকিস্তান কোচের। ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে সাফ অভিযান শুরু করেছে বাংলাদেশ। ওই ম্যাচে দলের অন্যতম তারকা হামজা চৌধুরী ছিলেন না। সোমবার তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

 

হামজার নাম সরাসরি উল্লেখ না করলেও বাংলাদেশ দলে প্রবাসী ফুটবলারদের উপস্থিতি এবং অভিজ্ঞ খেলোয়াড়দের প্রশংসা করেছেন সোলানো।

তিনি বলেন, ‘বাংলাদেশ দলে ভালো ও অভিজ্ঞ খেলোয়াড় আছে। প্রিমিয়ার লিগে খেলা কয়েকজন ফুটবলারকে দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। আপনাদের একজন তারকা ফুটবলার আছেন, যিনি লেস্টার সিটির হয়ে খেলতেন। পুরো এশিয়া অঞ্চলের সঙ্গে বাংলাদেশের ফুটবলেরও উন্নতি হচ্ছে।’

বাংলাদেশকে ভালো জাতীয় দল হিসেবে উল্লেখ করে পাকিস্তান কোচ আরও বলেন, ‘বাংলাদেশ খুব ভালো দল এবং তারা ভালো ফুটবল খেলে। তাদের অনেক প্রতিযোগিতা আছে, নিজস্ব লিগও রয়েছে। বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচই কঠিন ও চ্যালেঞ্জিং হবে। আশা করি, সেমিফাইনালে ভালো একটি ম্যাচ খেলতে পারবো এবং ফাইনালে ওঠার চেষ্টা করবো।’