ওয়ানডে ক্রিকেটে ৫৫টি সেঞ্চুরি এবং ৮০টি ফিফটির পাহাড়সম রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ক্রিকেটপ্রেমীদের অনেকের কাছেই প্রশ্ন থাকতে পারে, এত শত সেঞ্চুরির মধ্যে ভারতীয় এই কিংবদন্তির নিজের চোখে সেরা ওয়ানডে ইনিংস কোনটি? সম্প্রতি নিজের ৩৮তম জন্মদিনে স্টার স্পোর্টসের একটি ভিডিও সাক্ষাৎকারে সেই রহস্যের জট খুলেছেন কোহলি। তার নিজের বিবেচনায় ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংসটি কোনো সেঞ্চুরি বা ফিফটি নয়, বরং একটি ছোট কিন্তু দলের জয়ে ভীষণ কার্যকরী ইনিংস।
কোহলির মতে, তার ক্যারিয়ারের সেরা ওয়ানডে ইনিংসটি হলো ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ৩৪ বলে ৪৩ রানের ইনিংসটি।
বৃষ্টিবিঘ্নিত ওই ফাইনালে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই মাত্র ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল ভারত। সেই কঠিন মুহূর্তে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন কোহলি। শেষ পর্যন্ত ওই ম্যাচটি ৫ রানে জিতে শিরোপা উল্লাসে মাতে ভারত। ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলীয় সাফল্য ও ট্রফি জয়কে সব সময় সবার ওপরে রাখা কোহলি তাই কঠিন পরিস্থিতিতে খেলা এই ৪৩ রানকেই তার সেরা হিসেবে বেছে নিয়েছেন।
কোহলির এই পছন্দের সামনে হেরে গেছে তার ক্যারিয়ারের বহু দুর্দান্ত সেঞ্চুরি ও মহাকাব্যিক ইনিংস। স্টার স্পোর্টসের সেই আড্ডায় একের পর এক ঐতিহাসিক ইনিংসের তুলনা টেনে আনা হলেও কোহলি প্রতিবারই তার সেই ৪৩ রানকে এগিয়ে রেখেছেন।
আর ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে চাপের মুখে খেলা ৩৫ রানের ইনিংসটিকে দ্বিতীয় স্থানে রেখেছেন কোহলি।
ব্যক্তিগত অর্জনের আড়ম্বর নয়, দলের প্রয়োজনে ও ফাইনালে ট্রফি জয়ে অবদান রাখাই যে বিরাট কোহলির কাছে সর্বেসর্বা, এই স্বীকারোক্তি তারই এক অনন্য প্রমাণ।