Image description
ইরানে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৯ নভেম্বর অমাবস্যার রাতে ইরানে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন।
 
শুক্রবার (৬ নভেম্বর) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।
 
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ও বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে জাতীয় নিরাপত্তা দলের এসব বৈঠক অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যে ৯ নভেম্বর অমাবস্যার কারণে চাঁদের আলো তুলনামূলক কম থাকবে। এই অন্ধকারকে কাজে লাগিয়ে হামলা চালানোর সম্ভাবনা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
 
এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প নিয়ে ট্রাম্পকে ব্রিফ করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার। তবে সামরিক বিকল্পগুলো সম্পর্কে অবহিত হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট।
 
এদিকে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালালে কঠোর পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ভৌগোলিক সীমার কোনো তোয়াক্কা না করেই দেশটির যেকোনো স্থাপনায় আঘাত হানবে ইরান।
 
 
 
এরআগে স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও বিস্তৃত করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ট্রাম্প।
 
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস সূত্রে, ইরানের ‘বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে’ বলে হুঁশিয়ারি দেন তিনি।
 
তবে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে এক ধরনের অসঙ্গতি দেখা যাচ্ছে। একদিকে তিনি সামরিক অভিযান আরও বিস্তৃত করার ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে বড় ধরনের নতুন হামলার তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন।
 
ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আপাতত বড় ধরনের আরেকটি হামলার পরিকল্পনা নেই। তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।’ তার ভাষায়, ‘প্রয়োজন হলে আমরা পুরোপুরি প্রস্তুত।’