Image description

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য জিম্বাবুয়ের দলে জায়গা পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া অলরাউন্ডার আন্তুম নাকভি। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ দিয়েই টেস্ট অভিষেক হতে পারে তার। ২০২৩ সাল থেকে জিম্বাবুয়েতে খেলা নাকভি অবশেষে দেশটির হয়ে খেলার জন্য আইসিসির সব শর্ত পূরণ করেছেন।

২২ বছর বয়সী এই অলরাউন্ডারকে নিয়ে বেশ আশাবাদী জিম্বাবুয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যাটিং গড় ৬০.৩৫। ২০২৪ সালে মিড-ওয়েস্ট রাইনোসের হয়ে টাস্কার্সের বিপক্ষে অপরাজিত ৩০০ রান করে জিম্বাবুয়ের ক্রিকেটে প্রথম শ্রেণির ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার হন তিনি। ২৪ ম্যাচে ছয়টি সেঞ্চুরি ও আটটি ফিফটির পাশাপাশি বল হাতে নিয়েছেন ৬২ উইকেট।

পাকিস্তানি বংশোদ্ভূত নাকভির জন্ম বেলজিয়ামে। অস্ট্রেলিয়াতেও বসবাস করেছেন তিনি। ২০২৪ সালের জুলাইয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রথমবার জিম্বাবুয়ের দলে ডাক পেয়েছিলেন নাকভি। তবে নাগরিকত্ব ও পাসপোর্টসংক্রান্ত জটিলতায় তখন খেলা হয়নি তার।

২০২৫ সালের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্টের জন্য আবারও তাকে দলে ডাকা হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় সেবারও খেলা হয়নি।

এ বছরের জুনেও নাকভির খেলার যোগ্যতা নিয়ে আইসিসির কাছ থেকে নিশ্চিত হওয়ার অপেক্ষায় ছিল জিম্বাবুয়ে ক্রিকেট। অবশেষে বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, জিম্বাবুয়ের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন নাকভি।


আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জিম্বাবুয়ে দল

ব্রায়ান বেনেট (অধিনায়ক), আন্তুম নাকভি, বেন কারান, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন, গ্রায়েম ক্রেমার, ইনোসেন্ট কাইয়া, আর্নেস্ট মাসুকু, কুন্দাই মাতিগিমু, নিউম্যান নিয়ামহুরি, তাদিওয়ানাশে মারুমানি, তাফাদজওয়া চিসিগা, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরে।