Image description
ভারত থেকে সার্ভার পরিচালনার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ‘ডিজি ই-পে’র কার্যক্রম স্থগিত করা হয়েছে। তদন্তের পর চূড়ান্ত ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।
 
বুধবার (৪ নভেম্বর) স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান।
 
জানা যায়, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্টের নিয়মিত পরিদর্শনে ‘ডিজি ই-পে’র কার্যক্রমে প্রযোজ্য নির্দেশনা পরিপালনে কয়েকটি ঘাটতি চিহ্নিত হয়েছে। এসব ঘাটতি ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) নিরাপদ ও নির্বিঘ্ন পরিচালনায় ঝুঁকি সৃষ্টি করছে। চিহ্নিত পরিপালন ঘাটতিগুলো দূর করে প্রযোজ্য নির্দেশনা পরিপালনের জন্য ডিজি ই-পেকে বলা হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ
 
দেশের পেমেন্ট ব্যবস্থার সুরক্ষা এবং এনপিএসবির মাধ্যমে নিরাপদ ও নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করার স্বার্থে, পরিপালন নিশ্চিত না হওয়া পর্যন্ত ডিজি ই-পের এনপিএসবি সংক্রান্ত সেবা সাময়িকভাবে স্থগিত থাকবে।
 
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান স্টার নিউজকে জানান, প্রাথমিকভাবে দেশের বাইরে থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ায় এনপিএসবি সার্ভার থেকে ডিজি ই-পের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তদন্তের পর চূড়ান্ত ব্যবস্থা নিবে বাংলাদেশ ব্যাংক।
 
ডিজি ই-পে হলো বাংলাদেশের একটি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম এবং পেমেন্ট সিস্টেম অপারেটর, যা পরিচালনা করে ডিজি ই-পে সার্ভিসেস লিমিটেড।