Image description

মাঠের পারফরম্যান্সে একের পর এক চমক দেখাচ্ছে আফগানিস্তান। এবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও নতুন ইতিহাস গড়েছে তারা। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে এসেছে আফগানরা। এই সংস্করণে এটাই তাদের সর্বোচ্চ অবস্থান। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা নেমে গেছে সাতে। 

সাম্প্রতিক সময়ে ৫০ ওভারের ক্রিকেটে দুর্দান্ত সময় কাটাচ্ছে আফগানিস্তান। গত আগস্টে আয়ারল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে জিতেছিল। এরপর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত থেকে শিরোপা জেতে দলটি।

শারজায় ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে আফগানিস্তান। সিরিজসেরা হন অধিনায়ক রশিদ খান। পুরো প্রতিযোগিতায় ১১ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষেও দাপট দেখিয়েছে আফগানরা। বাংলাদেশকে ১৬০ রানে অলআউট করে ৩৫.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৯১ ম্যাচ খেলে ৯৬টিতে জিতেছে আফগানিস্তান। তাদের জয়-পরাজয়ের অনুপাত ১.০৯। র‍্যাঙ্কিংয়ে এরই মধ্যে বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোকে পেছনে ফেলেছিল তারা। এবার ছাড়িয়ে গেলো শ্রীলঙ্কাকেও।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। পরের চারটি অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

অন্যদিকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। এই সংস্করণে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ভারত ও অস্ট্রেলিয়া।