আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্ক্যালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থেকে মঙ্গলবার রাতে আর্জেন্টিনার পুজাতো শহরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।
স্বামী অ্যাঙ্গেলের সঙ্গে পুজাতোতেই থাকতেন ইউলালিয়া। স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তার শেষকৃত্যের আয়োজন করা হবে।
তিন সন্তানের মা ইউলালিয়া স্থানীয় পৌরসভায় বিচারকের দায়িত্ব পালন করেছেন। তার সন্তানদের মধ্যে লিওনেল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। অন্য দুই সন্তান হলেন মাউরো ও কোরিনা। কোরিনা রোজারিওর কাছে ফুনেস এলাকায় স্কালা বেকারি নামের একটি ব্যবসা পরিচালনা করেন।
মায়ের সঙ্গে স্ক্যালোনির সম্পর্ক ছিল গভীর। জাতীয় দলের দায়িত্ব থেকে অবসর পেলেই মাকে দেখতে পুজাতোতে যেতেন তিনি। মায়ের অসুস্থতার কথা স্ক্যালোনি প্রকাশ্যে জানিয়েছিলেন পাঁচ বছর আগে। ২০২১ সালের ১৫ অক্টোবর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে নিজের কঠিন ব্যক্তিগত পরিস্থিতির কথা বলেছিলেন আর্জেন্টাইন কোচ। তখন বলেছিলেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে ভাবার মতো অবস্থায় নেই।’
তার পরও দায়িত্বে থেকে যান স্ক্যালোনি। পরের বছর কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করাতে ভূমিকা রাখেন। ২০২১ সালে ব্রাজিলের মারাকানায় কোপা আমেরিকা জয়ের পরও মাকে উৎসর্গ করেছিলেন সেই সাফল্য। তখন আবেগাপ্লুত স্ক্যালোনি বলেছিলেন, ‘আমি এই জয় মাকে উৎসর্গ করতে চাই। কয়েক দিন আগে তার বেশ গুরুতর একটি সমস্যা হয়েছিল। তিনি লড়াই করছেন।’