ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন দাপটেই কাটিয়েছে বাংলাদেশ। আলোর স্বল্পতায় খেলা ব্ন্ধ হওয়ার আগে প্রথম ইনিংসে ৩ উইকেটে ২১৩ রান তুলে দিন শেষ করেছে।
শুরু থেকে বাংলাদেশের প্রতিরোধের মূল নায়ক ছিলেন ওপেনার সাদমান ইসলাম। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি।
আলোর স্বল্পতায় এদিন শেষ সেশনে কয়েকবার খেলা বন্ধ হয়েছে। যে কারণে পুরো ৯০ ওভার খেলা সম্ভব হয়নি। মাঠে গড়িয়েছে ৭৪ ওভার। সাদমানের সঙ্গে ১০ রানে অপরাজিত আছেন লিটন দাস।
মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে দুটি উইকেট হারায় বাংলাদেশ। সকালের সেশনে তানজিদ হাসান (৭) ও মুমিনুল হককে (২৮) হারায় স্বাগতিকরা। দুজনই বাজে শট খেলে উইকেট দিয়ে এসেছেন। দ্বিতীয় সেশনের শুরুর দিকে ১৯ রানে ফেরেন নাজমুল হোসেন শান্তও। তার পর প্রতিরোধ গড়ে খেলেন সাদমান ও হৃদয়। ৮৮ রান যোগ করেন তারা। হৃদয় ৪২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। তার পর প্রতিরোধ গড়ে খেলতে থাকেন লিটন ও সাদমান।
৩৩ রানে দুটি উইকেট নেন বামহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। একটি নিয়েছেন জেইডেন সিলস।