‘পুলিশের হাত থেকে রেহাই পেতে নয়, নিরাপদে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য হেলমেট পরুন’—এমন বার্তা নিয়ে মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নেত্রকোনা জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ। হেলমেট পরা মোটরসাইকেল চালকদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে নেত্রকোনা শহরের ব্যস্ততম এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এসময় হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের থামিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার বলেন, ‘হেলমেট ব্যবহার মৃত্যু ঝুঁকি কমায়। পুলিশের হাত থেকে রেহাই পেতে নয়, নিজের জীবন ও পরিবারের কথা চিন্তা করে হেলমেট পরতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এসব দুর্ঘটনায় মোটরসাইকেল চালকদের মৃত্যুর ঝুঁকি বেশি। তাই চালক ও আরোহী উভয়েরই মানসম্মত হেলমেট ব্যবহার করা উচিত।’
এসময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো কয়েকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের হেলমেট দেওয়া হয়। পাশাপাশি চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
পুলিশের কাছ থেকে ফুল পেয়ে মোটরসাইকেল চালক গোলাম কিবরিয়া বলেন, ‘পুলিশ থামতে বলায় প্রথমে ভেবেছিলাম কোনো কারণে হয়তো আটকানো হয়েছে। তাই কিছুটা ভয় পেয়েছিলাম। পরে পুলিশ সুপার নিজ হাতে ফুল দেওয়ায় অবাক হয়েছি। এটি খুবই ভালো উদ্যোগ।’
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।