Image description

ইতিহাসের সেরা ফুটবলার কে- এই বিতর্কের শেষ নেই। তবে স্পেনের বিশ্বকাপজয়ী তারকা পেদ্রো রদ্রিগেজের কাছে উত্তরটা পরিষ্কার। সর্বকালের সেরা লিওনেল মেসি। আর নিজের ফুটবলজীবনে সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন যে কোচ, তিনি পেপ গার্দিওলা। বার্সেলোনায় একসঙ্গে কাটানো সময়ের স্মৃতিই যেন পেদ্রোর এই পছন্দে বড় হয়ে উঠেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের ফুটবলজীবনের নানা অভিজ্ঞতা ও পছন্দের কথা তুলে ধরেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। শুধু মেসি ও গার্দিওলাকেই নয়, ক্যারিয়ারে দেখা সেরা সতীর্থ এবং মাঠে সবচেয়ে কঠিন প্রতিপক্ষকেও বেছে নিয়েছেন তিনি।

পেদ্রোর চোখে, ক্যারিয়ারে যাদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছেন, তাদের মধ্যে সার্জিও বুসকেটস ছিলেন অন্যতম সেরা। আর প্রতিপক্ষ হিসেবে তাকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন স্পেনের সাবেক ডিফেন্ডার সার্জিও রামোস।

 
 

নিজের ক্যারিয়ারের সেরা গোলের প্রসঙ্গেও নির্দিষ্ট একটি মুহূর্তকে বেছে নিয়েছেন পেদ্রো। ২০১১ সালে ওয়েম্বলিতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে করা গোলটিই তার কাছে সবচেয়ে স্মরণীয়। বার্সেলোনার হয়ে সেদিন ৩-১ ব্যবধানের জয়ে গোল করেছিলেন তিনি।

 

দীর্ঘ দুই দশকের ফুটবলজীবনকে পেছন ফিরে দেখলে পেদ্রোর কাছে সবচেয়ে বিশেষ অর্জন ২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জয়। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

 

২০০৮ সালে বার্সেলোনার মূল দলে সুযোগ পাওয়ার পর গার্দিওলার অধীনে নিজেকে প্রতিষ্ঠিত করেন পেদ্রো। কাতালান ক্লাবটির হয়ে জেতেন ২০টি বড় শিরোপা। মেসি, বুসকেটসসহ একঝাঁক তারকার সঙ্গে খেলেই গড়ে ওঠে তার বর্ণাঢ্য ক্যারিয়ার। ক্লাব ফুটবলে ৭৯৪ ম্যাচে ১৯৭ গোল করেছেন পেদ্রো। স্পেন জাতীয় দলের জার্সিতে ৬৫ ম্যাচে তার গোল ১৭টি। তবে দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্যের ভিড়েও তার পছন্দের তালিকায় মেসি, গার্দিওলা আর ২০১০ বিশ্বকাপের জায়গা যে আলাদা, তা স্পষ্ট।