ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২৫ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর)। প্রথম দিনে ফাজিল প্রথম বর্ষে নতুন সিলেবাসে উলুমুল কোরআন ওয়াল হাদিসসহ অন্য বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তবে পরীক্ষার প্রথম দিনেই অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে। প্রশ্নপত্রে উল্লেখিত কোড মূল উত্তরপত্রে পূরণ করতে গিয়ে জটিলতায় পড়েছেন পরীক্ষার্থীরা।
কারণ, প্রশ্নপত্রে চার ডিজিটের কোড থাকলেও মূল উত্তরপত্রের ওএমআর অংশে তিন ডিজিটের কোড লেখার স্থান নির্ধারিত ছিল। বিষয় কোডের একটি ডিজিট পূরণ করতে পারেননি ছাত্র-ছাত্রীরা। এতে পরীক্ষার পরে ফল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা।
আজ দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সারা দেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালনকারী কেন্দ্রসচিব ও একাধিক মাদ্রাসার অধ্যক্ষ এ সমস্যার কথা জানিয়েছেন এশিয়া পোস্টের এই প্রতিবেদককে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি এবং কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এশিয়া পোস্টকে বলেন, ফাজিল পরীক্ষায় বসে বিপত্তির সম্মুখীন হয়েছে পরীক্ষার্থীরা। প্রশ্নে বিষয়কোড ছিল ৪ ডিজিটের কিন্তু উত্তরপত্রে ৩ ডিজিট পূরণের জায়গা ছিল। এমন পরিস্থিতিতে আরবি বিশ্ববিদ্যালয় থেকে কোনো নোটিশও পাইনি। ছাত্র-ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে আপাতত পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। কিন্তু পরীক্ষার ফল নিয়ে শিক্ষার্থীরা এখনও শঙ্কায় রয়েছে।
পাবলিক পরীক্ষা গ্রহণে আরবি বিশ্ববিদ্যালয়ের এমন দায়িত্বহীনতা কোনোভাবেই কাম্য ছিল না বলে মন্তব্য করেন এ অধ্যক্ষ।
পরীক্ষার খাতায় বিষয় কোড নিয়ে এমন অব্যবস্থাপনা প্রসঙ্গে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি সহকারী পরীক্ষা নিয়ন্ত্রককে ডেকে প্রতিবেদকের কাছে বিষয়টি ব্যাখ্যা করতে বলেন।
সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এশিয়া পোস্টকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নতুন সিলেবাস ও পুরোনো সিলেবাসের খাতা আলাদা দুটি ভবনে বিতরণ করা হয়েছে। নতুন সিলেবাসের খাতায় নির্ধারিত ৪ ডিজিটের বিষয় কোড লেখার জায়গা ছিল। আমরা খাতা দেওয়ার সময় সঠিক খাতাই দিয়েছি। কোনো অধ্যক্ষ অসতর্কতাবশত ভুল করে অন্য খাতা নিয়ে থাকতে পারেন।
তিনি আরও বলেন, কয়েকটি প্রতিষ্ঠান থেকে এমন সমস্যার কথা জানানো হয়েছিল। কিন্তু পরে একটি ডিজিট বাদ দিয়ে বাকি তিন ডিজিট পূরণ করার নির্দেশনা দিয়ে সমস্যার সমাধান করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের ফল প্রকাশ বা খাতা মূল্যায়নে কোনো সমস্যা হবে না বলেও দাবি করেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক।
দেশের বিভিন্ন মাদ্রাসা থেকেও এমন সমস্যার কথা এশিয়া পোস্টকে জানিয়েছেন অধ্যক্ষরা।
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান প্রতিবেদককে বলেন, এমন সমস্যার সম্মুখীন হয়ে আরবি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করা হলে চার ডিজিটের শেষের তিন ডিজিট পূরণ করতে বলা হয়েছে আমাদের।
পরীক্ষায় এমন অব্যবস্থাপনা সম্পর্কে জানতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবু জাফর খানকে একাধিকবার মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এদিকে আজ বৃহস্পতিবার রাতে আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০২৫ এর প্রশ্নপত্রের চার ডিজিটের পরিবর্তে তিন ডিজিট পূরণ করতে নির্দেশনা দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের।