Image description

ফাইনালে উঠার স্বপ্ন নিয়ে এশিয়ান গেমসে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে পদক জেতা তো দূরের কথা, উল্টো যাচ্ছে-তাই পারফরম্যান্সে মহাদেশীয় এই টুর্নামেন্টে কোনো জয়ের দেখায় পায়নি লিটন দাসের দল।

এদিকে মাঠের বাজে পারফরম্যান্সের পর পুরো দল যখন সমালোচনার তীরে বিদ্ধ, ঠিকই তখন ‘টক অব দ্য কান্ট্রি’তে জাতীয় দলেরই তিন ক্রিকেটার। মূলত এশিয়ান গেমসে খেলতে গিয়ে টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়াই ঘুরতে গিয়ে বিপাকে পড়েছেন তারা। এজন্য তিন ক্রিকেটার সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনকে জরিমানা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে গত ২৯ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টি বাঁধায় ওই ম্যাচ মাঠে না গড়ানোয় আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে যায় লাল-সবুজেরা। তবে শেষ চারে পাকিস্তান এবং ব্রোঞ্জপদক জয়ের ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ন্যূনতম লড়াইও করতে পারেনি টিম টাইগার্স।

জানা গেছে, নাগোয়ায় বৃষ্টিতে অনুশীলন বন্ধ থাকা দিনে বেড়াতে গিয়েছিলেন এই তিন ক্রিকেটার। মুখে মুখে রটে যাওয়া ঘটনাটি একপর্যায়ে টিম ম্যানেজার নাফিস ইকবাল পর্যন্ত পৌঁছায়। বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান তামিম ইকবালকে বিষয়টি অবহিত করেন তিনি। বিষয়টি জানার পর বোর্ড প্রেসিডেন্টও এই তিন ক্রিকেটারের বিরুদ্ধের বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এদিকে বিসিবির একটি সূত্র জানিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই তিন ক্রিকেটারকে আর্থিকভাবে জরিমানা করা হচ্ছে। প্রত্যেককে ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। ইতোমধ্যেই বিষয়টি ক্রিকেটারদেরও অবগত করা হয়েছে।

অন্যদিকে চলতি অক্টোবরেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে আফগানরা। আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে স্বাগতিকরা। এরপর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে তিন জাতির সিরিজ শুরু হবে ১৭ অক্টোবর। ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ত্রিদেশীয় এই টুর্নামেন্ট।