Image description

ইসরাইলের আগামী নির্বাচনের ঠিক কয়েক দিন আগে বিরোধী দলের নেতা ও দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট সরাসরি দাবি করেছেন যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশ চালানোর মতো অবস্থায় আর নেই। তিনি বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে বাঁচতে নেতানিয়াহু যে নতুন অর্থনৈতিক পরিকল্পনা বা ভাবনার কথা বলছেন, তা দেশের নিরাপত্তার জন্য ভীষণ বিপজ্জনক।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ‘য়াশার’ পার্টির নেতা আইজেনকোট অভিযোগ করেন, পুরো সমাজকে ভাগ করার পর এবং সেনাবাহিনীকে দুর্বল করার পর নেতানিয়াহু এখন দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করার পথ ধরছেন। তিনি বলেন, নেতানিয়াহু বাস্তব দুনিয়ার সাথে সব সম্পর্ক হারিয়ে কল্পনার জগতে বাস করছেন। পৃথিবীর সাধারণ আর্থিক ব্যবস্থা থেকে আলাদা হয়ে বিকল্প উপায়ে অর্থনীতি চালানোর যে পরিকল্পনা তিনি করছেন, তা একজন ভারসাম্যহীন মানুষের পাগলামি ছাড়া আর কিছুই নয়।

আসলে কয়েক দিন আগেই নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন যে ইসরাইলের ওপর আন্তর্জাতিক ও ব্যাংকিং নিষেধাজ্ঞা এলে তারা ক্রিপ্টোকারেন্সি (যেমন বিটকয়েন) ও নতুন প্রযুক্তি ব্যবহার করে অর্থ লেনদেন করতে পারেন। আইজেনকোট নেতানিয়াহুর এই ধারণাকে টিপ্পনী কেটে ‘বিবি কয়েন’ বলে উপহাস করেন। তিনি প্রশ্ন তোলেন, বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন হয়ে এই ক্রিপ্টোকারেন্সির ওপর ভরসা করলে কীভাবে ইসরাইলি কোম্পানিগুলো বিদেশে পণ্য বেচবে কিংবা বিদেশি বিনিয়োগ আনবে? এর ফলে দেশের ব্যবসা-বাণিজ্য বিদেশে চলে যাবে, মানুষের কষ্টার্জিত সঞ্চয় নষ্ট হবে, চাকরি কমবে এবং শেষ পর্যন্ত হাসপাতাল ও স্কুলের মতো জরুরি খাতের বাজেট কমে গিয়ে দেশের নিরাপত্তাই চরম ঝুঁকিতে পড়বে।

শুধু রাজনৈতিক বিরুদ্ধাচারীই নন, ইসরাইলের নিজস্ব অর্থনীতিবিদ ও ব্যাংক কর্মকর্তারাও নেতানিয়াহুর এই ভাবনার তীব্র সমালোচনা করেছেন। তারা স্পষ্ট জানিয়েছেন, ক্রিপ্টোকারেন্সি দিয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব নয়, আর এমন উল্টাপাল্টা কথা আন্তর্জাতিক অঙ্গনে দেশের অর্থনীতির ভীষণ ক্ষতি করছে। উল্লেখ্য, গাজায় যুদ্ধ ও ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে ইসরাইলের ওপর চাপ ও নিষেধাজ্ঞা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা নিয়ে নির্বাচনের ঠিক আগে দিয়ে নেতানিয়াহু ও তার বিরোধীদের মধ্যে বাকযুদ্ধ চরম রূপ নিয়েছে।

সূত্র: মিডলইস্ট মনিটর