Image description

এশিয়ান গেমসের পুরুষ হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় হারের লজ্জা পেতে হয়েছে বাংলাদেশকে। ভারত ১০-০ গোলের বিধ্বস্ত করেছে রাসেল মাহমুদ জিমিদের। গিফুর আইচি প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ঝড়-বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে শুরু হয়নি খেলা।

বিলম্বে শুরু হলেও ভারতের ফরোয়ার্ডরা ঝড় বইয়ে দিয়েছে বাংলাদেশের রক্ষণে। প্রথম কোয়ার্টারে অবশ্য বিশ্ব র‌্যাংকিংয়ের আটে থাকা ভারতকে কিছুটা আটকে রাখতে পারে ২১ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ। এই কোয়ার্টারে মাত্র এক গোল করে ভারত। দ্বিতীয় কোয়ার্টারটাও খারাপ ছিল না। হাফ টাইমে বাংলাদেশ পিছিয়ে ছিল তিন গোলে। তবে তৃতীয় কোয়ার্টারে রক্ষণের সব প্রতিরোধ ভেঙে যায় তাদের।

এই কোয়ার্টারে ভারত আরও পাঁচ গোল করে। আর শেষ কোয়ার্টারে আরও দুই গোল করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। দলটির হয়ে হারমানপ্রিত সিং হ্যাটট্রিক করেন। এছাড়া সৈলেন্দ ল্যাকড়া দুটি গোল করেন।
ছয় দলের ‘এ’ গ্রুপে ভারত শেষ করেছে শীর্ষে থেকে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। কোরিয়া এই গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে সেমিফাইনালে গিয়েছে। তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া। ৯ পয়েন্ট নিয়ে জাপান ‘এ’ গ্রুপের তৃতীয় দল। আর বাংলাদেশ দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে।

এখন তাদের পঞ্চম থেকে অস্টমস্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে হবে চীনের বিপক্ষে। ১ অক্টোবর হবে ম্যাচটি। এই আসরে ছয়ে শেষ করতে পারলে বাংলাদেশের সামনে আগামী চার বছরের জন্য খুলে যাবে অনেক গুলো জানালা। সপ্তম হলেও অক্টোবরের শেষভাগে সুযোগ থাকবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার।