Image description

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ফিল্ডিং নেওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৫ রান করেছে স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচে ৬৭ রানে জেতা দক্ষিণ আফ্রিকা এবারও দারুণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সামনে কঠিন লক্ষ্য দাঁড় করিয়েছে।

শুরুটা অবশ্য ভালো করেনি দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম বলেই এইডেন মার্করামকে ফিরিয়ে দেন জশ হ্যাজলউড। পরে ১৫ রানে কুইন্টন ডি ককও তার শিকার হন। ৩৬ রানে দুই উইকেট হারানোর পর অধিনায়ক টেম্বা বাভুমা ও ম্যাথু ব্রিটজকি দলকে সামলানোর চেষ্টা করেন। তবে ৯৩ রানে ব্রিটজকির বিদায়ে আবার চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।

এরপর ম্যাচের চিত্র পুরোপুরি বদলে দেন বাভুমা ও ডেভিড মিলার। চতুর্থ উইকেটে দুজনের বড় জুটি অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চাপ তৈরি করে। বাভুমা ১১৬ বলে ১০৩ রান করেন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছক্কা। দলীয় ২৪৯ রানে বাভুমার বিদায়ের পরও থামেননি মিলার। দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের আরেকটি ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে শেষ পর্যন্ত ১৪২ রানে আউট হন তিনি। মিলারের ইনিংসে ছিল ১২টি চার ও ৯টি ছয়।

মিলারের বিদায়ের পর শেষ দিকে ডুয়ান ইয়ানসেনের ১৮ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস দক্ষিণ আফ্রিকাকে ৩৬৫ পর্যন্ত নিয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে জ্যাক এডওয়ার্ডস ৫ উইকেট তুলে নেন। জশ হ্যাজলউড পেয়েছেন ৩ উইকেট।

এখন সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়ার দরকার ৩৬৬ রান। প্রথম ওয়ানডেতে ২৯৭ রান তাড়া করতে গিয়ে ২৩০ রানে অলআউট হয়েছিল ছয়বারের চ্যাম্পিয়নরা।