রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সাংবাদিক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।
আহতরা হলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক মো. জহিরুল ইসলাম, দৈনিক আগামীর সময়ের সাংবাদিক মো. সিয়াম হোসেন গাজী এবং কন্ট্রিবিউটর সাংবাদিক মো. তোফায়েল আহমেদ।
আহত সাংবাদিক মো. জহিরুল ইসলাম জানান, রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলছিল। এ সময় নিজেদের শিক্ষার্থী পরিচয় দেওয়া কয়েকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এতে তারা তিন সাংবাদিক আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে তিন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে এসেছেন। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।