সরকারি তিতুমীর কলেজে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠার একদিন পর কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্তির পর এবার শাখাটির সাবেক আহ্বায়ক ইমাম হোসেনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমাম হোসেনকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, সিদ্ধান্তটি ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন করেছেন।
এর আগে একই দিনে কেন্দ্রীয় ছাত্রদল সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে।