Image description

রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত গোল-সাফল্য পেলেও দলকে শিরোপা এনে দিতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার বিরুদ্ধে অভিযোগ যে তিনি শুধু গোলই করেন কিন্তু সতীর্থদের আরও ভালো খেলতে সাহায্য করতে পারেন না। তবে এমন সমালোচনায় বিচলিত নন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। গঠনমূলক সমালোচনা থেকে শেখার মানসিকতা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গত মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও ২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হন এমবাপ্পে। ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল থাকলেও মৌসুম শেষ করেছেন কোনো শিরোপা ছাড়াই। তার গোল দলকে বড় সাফল্য এনে দিতে পারেনি—এমন দাবি থেকেই সমালোচনার সূত্রপাত।

সমালোচকদের বক্তব্য, এমবাপ্পে গোল করলেও সতীর্থদের খেলায় সেই প্রভাব দেখা যায় না। তবে এ ধরনের মন্তব্যকে স্বাভাবিকভাবেই দেখছেন ফ্রান্সের অধিনায়ক।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পেকে প্রশ্ন করা হয় এইসব সমালোচনা নিয়ে তার ভাবনা কী। জবাবে ২৭ বছর বয়সী এই তারকা বলেন, ‘যারা বলে আমি শুধু গোল করি? সেটা তাদের মতামত। বছরের পর বছর অভিজ্ঞতা থেকে শিখেছি। ফুটবলে সবাই নিজের মতামত দিতেই পারে এবং তা মেনে নিতে হয়। কখনো তারা আপনার মতের সঙ্গে একমত হবে কখনো হবে না।’

ফুটবলে জয়ের একাধিক পথ রয়েছে উল্লেখ করে এমবাপ্পে বলেন, ‘ফুটবলে জেতার একটিমাত্র উপায় নেই লাখো উপায় আছে। এ কারণেই আমি সবসময় শুনতে প্রস্তুত।’

তবে সব ধরনের মন্তব্যকে একইভাবে দেখেন না এমবাপ্পে। তার মতে, কেউ কেউ শুধু উসকানি দিতে বা ক্ষতি করতে মন্তব্য করেন। অন্যদিকে যারা ফুটবল নিয়ে গঠনমূলক আলোচনা করেন তাদের মতামত থেকে শেখার সুযোগ রয়েছে, ‘কিছু মানুষ আছে যারা শুধু উসকানি দিতে বা ক্ষতি করতে চায়। আর যারা ফুটবল নিয়ে কাঠামোবদ্ধ বিশ্লেষণ ও খেলার দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে চায়, তাদের মন্তব্যের জন্য আমি সবসময় উন্মুক্ত। তারা যে দৃষ্টিভঙ্গিরই হোক না কেন। তাদের কাছ থেকেও শেখা যায়।’