Image description
প্রশাসনে দলীয়করণ, চাঁদাবাজিসহ বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তার দাবি, এই ধারা অব্যাহত থাকলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে বিএনপির।
 
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
এটিএম আজহারুল ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গণভোটের রায় উপেক্ষা করে দলটি সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একইসঙ্গে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকে বিএনপি অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা।
 
তিনি বলেন, ১১ দলের লংমার্চের দাবিগুলো কোনো রাজনৈতিক দলের একক দাবি নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের দাবি। এসব দাবি বাস্তবায়নে নেতা-কর্মী ও সাধারণ মানুষকে লংমার্চ সফল করার আহ্বান জানান তিনি।
 
সার সংকটের প্রসঙ্গে এ টি এম আজহারুল ইসলাম বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে সংকট কাটছে না। সরকারদলীয় লোকজনের মধ্যে সারের ডিলার নিয়োগ ভাগবাটোয়ারা করার পাঁয়তারা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
 
জামায়াতের এই নেতা অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং সম্পত্তি হস্তান্তর আইন বাতিলসহ ১১ দলীয় ঐক্যের ঘোষিত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।
 
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর জামায়াতের আমীর এ টি এম আজম খানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
 
শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশ রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কর্নেল (অব.) অলি আহমদ, মামুনুল হকসহ ১১ দলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেয়ার কথা রয়েছে।