বিশ্বকাপ ফাইনালের পর আকস্মিকভাবেই অবসরের ঘোষণাটা দিয়েছিলেন তিনি। লিওনেল মেসি মাঠ থেকে বিদায় নেবেন নাকি, সে নিয়ে চলছিল নানা আলোচনা। শেষ পর্যন্ত আগামী ৬ অক্টোবর আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে নিজের বিদায়ী ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি। ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া বলছেন, মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে চান তারা।
বুয়েনস আয়ার্সে ৮৫ হাজার আসনের স্টেডিয়ামে হতে যাওয়া প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এই ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনার স্কোয়াডে রাখা হয়েছে মেসিকে। জাতীয় দলের জার্সিতে এটাই হবে তার বিদায়ী ম্যাচ।
ভিডিও বার্তায় এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলছেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক, আমাদের অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৬ অক্টোবর এখানে যেন সে তার প্রাপ্য বিদায়টি পেতে পারে।’
ঐতিহাসিক এই ম্যাচ দেখতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তাপিয়া, ‘‘মেসি এই আমন্ত্রণ গ্রহণ করার পর আমরা কাতারে তার সঙ্গে খেলা ২০২২ বিশ্বকাপজয়ী দলের সব সদস্যকে পরিবারসহ এ ম্যাচে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। এটি একটি স্মরণীয় উপলক্ষ হতে চলেছে। বিশ্বসেরা খেলোয়াড়ের ‘শেষ ট্যাঙ্গো’ উপভোগ করতে আমরা সব আর্জেন্টাইন ও জাতীয় দলের সমর্থককে আমন্ত্রণ জানাচ্ছি।’’