Image description
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার কালিরহাট বাজারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন খলিলুর রহমান।
 
খলিলুর রহমান বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বেতমোর ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এ উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন দুলালের ছবি সম্বলিত ব্যানার ও পোস্টার সাঁটান।
 
তিনি অভিযোগ করেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিক ও সদস্য সচিব তারেকের নেতৃত্বে জিল্লুর নাজীর, আমীর মল্লিকসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন ওই ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলেন। এতে বাধা দিলে পুলিশের উপস্থিতিতেই তার ওপর হামলা চালানো হয়। ঘটনায় খলিলুর রহমানসহ দুজন আহত হন।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক চা-দোকানি বলেন, হঠাৎ কয়েকজন ব্যক্তি খলিলুর রহমানকে মারধর শুরু করেন। আত্মরক্ষার জন্য তিনি দোকানের ভেতরে উঠে গেলে সেখানেও তাকে মারধর করা হয়। এ সময় তার দোকানেও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন ওই দোকানি।
 
তবে হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিক। তিনি দাবি করেন, হামলার খবর পেয়ে তারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবুবকর সিদ্দিক বাদলকে সঙ্গে নিয়ে হাসপাতালে যান এবং খলিলুর রহমানের চিকিৎসার ব্যবস্থা করেন।
 
এদিকে জমিজমা সংক্রান্ত ব্যক্তিগত বিরোধের জেরে এ মারধরের ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
 
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।